কক্সবাজারে হোটেল মোটেল বন্ধের হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অতিরিক্ত লোডশেডিংয়ের কারণে পর্যটন শহর কক্সবাজারে বসবাসকারী প্রায় ২৩ লাখ মানুষের নাকাল অবস্থা। পাশাপাশি হোটেল মোটেল গেস্টহাউস, চিংড়ি উৎপাদনের হ্যাচারি, বরফকলসহ কয়েক হাজার ক্ষুদ্র শিল্প, পোলট্রি খামার ও প্রতিষ্ঠান অচল হয়ে পড়ছে।হোটেলের মালিকেরা জানান, লোডশেডিংয়ের কারণে পর্যটকেরা হোটেলে থাকতে অনীহা প্রকাশ করেন। এ কারণে চলতি মাসে পর্যটকের আগমনও আশঙ্কাজনক হারে কমে গেছে। এতে সরকারও মোটা অঙ্কের রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। কক্সবাজার হোটেল মোটেল গেস্টহাউস মালিক সমিতির সভাপতি ওমর সোলতান জানান, ঘন ঘন লোডশেডিংয়ের কারণে সৈকতের তিন শতাধিক হোটেল মোটেল গেস্ট হাউস অন্ধকারে থাকে। জেনারেটরে এসব হোটেলে সারা রাত বিদ্যুৎ সরবরাহ করা অনেকের পক্ষে সম্ভব হচ্ছে না। এতে দুর্ভোগের শিকার হয়ে পর্যটকেরা ফিরে যাচ্ছেন। সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম সিকদার জানান, এই হোটেল মোটেল জোনে দৈনিক অতিরিক্ত চার মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। এ জন্য গত মঙ্গলবার সংগঠনের পক্ষ থেকে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বরাবর সঞ্চারকলিপি দেওয়া হয়েছে। অন্যথায় অনির্দিষ্টকালের জন্য সব মোটেল গেস্ট হাউস, রেস্তোরাঁ বন্ধ রাখা হবে। সঞ্চারকলিপিতে উল্লেখ করা হয়েছে, পর্যটকের ৯০ শতাংশ রাত কাটান সৈকতের এই হোটেল জোনে। শতভাগ বিদ্যুৎ বিল পরিশোধ করা সত্ত্বেও লোডশেডিং করা হচ্ছে। দৈনিক চার-পাঁচবার করে কয়েক ঘণ্টার জন্য লোডশেডিং করা হয়। এতে পর্যটকের উপস্থিতি দৈনিক ৫০ হাজার থেকে ১০ হাজারে নেমে আসে। আগামী ৮ এপ্রিলের মধ্যে হোটেল মোটেল জোনে অতিরিক্ত চার মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা না হলে ১৫ দিনের আন্দোলন কর্মসূচি পালন করা হবে। কর্মসূচিতে রয়েছে ১০ এপ্রিল বিদ্যুৎ কার্যালয় ঘেরাও, ১১ এপ্রিল পর্যটনশিল্পের দুরবস্থা নিয়ে সংবাদ সম্মেলন, ১৩ এপ্রিল প্রধানমন্ত্রী বরাবর সঞ্চারকলিপি, ২৬ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত প্রতিদিন এক ঘণ্টা করে মানববন্ধন কর্মসূচি, ১ মে এক দিনের প্রতীক ধর্মঘট এবং ৩০ জুন থেকে অনির্দিষ্টকালের জন্য সব হোটেল, মোটেল, গেস্ট হাউস ও রেস্তোরাঁ বন্ধ রাখা।৫৪ হ্যাচারি বন্ধের উপক্রম: লোডশেডিংয়ের কারণে কক্সবাজার, উখিয়া ও টেকনাফের সমুদ্র উপকূলে হাজার কোটি টাকা বিনিয়োগে স্থাপিত ৫৪টি চিংড়ি পোনা উৎপাদনের হ্যাচারি বন্ধের উপক্রম হয়েছে। উখিয়ার সোনারপাড়ার বলাকা হ্যাচারির মালিক নজিবুল ইসলাম জানান, জেনারেটর চালিয়ে পোনা সংরক্ষণ করতে হচ্ছে। জেনারেটর বন্ধ হলে মুহূর্তে লাখ লাখ পোনা মারা যায়।হ্যাচারি মালিকদের সংগঠন শ্রিম্প হ্যাচারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (সেব) মহাসচিব রইচ উদ্দিন জানান, প্রতিদিন ৫৪টি হ্যাচারিতে কমপক্ষে ১৫ হাজার লিটারের বেশি জ্বালানি খরচ করা হচ্ছে। এতে খরচ হচ্ছে দৈনিক ১১ লাখ টাকারও বেশি। এসব হ্যাচারিতে উৎপাদিত প্রায় এক হাজার কোটি পোনা দিয়েই খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, কক্সবাজারসহ সারা দেশের দেড় লাখ হেক্টর জমিতে চিংড়ি চাষ হয়।উখিয়া পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক (ডিজিএম) সাদেকুল ইসলাম জানান, হ্যাচারিসহ পুরো উখিয়া উপজেলার জন্য দৈনিক বিদ্যুতের চাহিদা সাড়ে সাত মেগাওয়াট। কিন্তু বরাদ্দ পাচ্ছি আড়াই থেকে তিন মেগাওয়াট। লোকসানে দুই হাজার ক্ষুদ্র শিল্প: শহরের নুনিয়ারছটা গ্রামের পোলট্রি খামার মালিক সৈয়দ করিম (৪৫) জানান, জেনারেটর দিয়ে খামার চালু রাখতে গিয়ে তাঁর দৈনিক দেড় হাজার টাকা লোকসান যাচ্ছে। বাজারঘাটা এলাকার রাইস মিল মালিক সাজু মিয়া (৪২) জানান, বিদ্যুৎ না থাকায় দিনের অর্ধেক সময় কাজ বন্ধ রাখতে হচ্ছে।কক্সবাজার পোলট্রি ফার্ম মালিক সমিতির সভাপতি খুরশেদ আলম জানান, লোডশেডিংয়ের কারণে জেলার দুই হাজারের বেশি পোলট্রি খামার ও ক্ষুদ্র শিল্পপ্রতিষ্ঠান বন্ধের মুখে। লোকসানের কারণে এসব প্রতিষ্ঠান বন্ধ হলে ১৪ হাজার মানুষ বেকার হয়ে পড়বে। মুরগি ও ডিমের দাম আরও বেড়ে যাবে। দৈনিক ঘাটতি ৪০ মেগাওয়াট: কক্সবাজার নাগরিক কমিটির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী জানান, অতিরিক্ত লোডশেডিংয়ের কারণে পর্যটন রাজধানী খ্যাত এই জেলার সাতটি উপজেলায় এক লাখ ৩০ হাজার গ্রাহকের ২৩ লাখ সদস্যের চরম দুর্ভোগ যাচ্ছে। এখানকার পর্যটন, হ্যাচারি ও ক্ষুদ্র শিল্পে বিপর্যয় নেমে আসছে। পর্যটন শহর বিবেচনা করে এ জেলার জন্য অতিরিক্ত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা উচিত। কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক প্রদীপ কুমার দে জানান, টেকনাফ, উখিয়া, মহেশখালী, চকরিয়া, পেকুয়া, রামু ও কক্সবাজার সদরে গ্রাহক রয়েছে প্রায় ৮৮ হাজার। রয়েছে ৫৪টি হ্যাচারি, দুই হাজার ৭৬৮টি সেচযন্ত্রসহ কয়েক হাজার ক্ষুদ্র শিল্পপ্রতিষ্ঠান। দৈনিক ৩৩ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকলেও পাওয়া যাচ্ছে সাত থেকে সর্বোচ্চ ১৬ মেগাওয়াট। জেলা বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সূত্র জানায়, সাত উপজেলায় প্রায় এক লাখ ২৩ হাজার গ্রাহকের দৈনিক বিদ্যুতের চাহিদা রয়েছে ৫৮ মেগাওয়াট। কিন্তু পাওয়া যাচ্ছে মাত্র ১৮ মেগাওয়াট।