কক্সবাজারে ১০ ফার্মেসিকে জরিমানা
কক্সবাজার শহরে গতকাল মঙ্গলবার অভিযান চালিয়ে প্রায় চার লাখ টাকার মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ওষুধ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ১০টি ওষুধের দোকানকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোজাম্মেল হক রাসেল ও তুষার আহমদ পৃথকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল দুপুর ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালত শহরের পানবাজার সড়কের জুবেদা ফার্মেসিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ ও নিষিদ্ধ যৌন উত্তেজক বড়ি উদ্ধার করেন। এ সময় দোকানের এক কর্মচারীকে পাঁচ দিনের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোজাম্মেল হক রাসেল।
সূত্র জানায়, এ ছাড়া ভ্রাম্যমাণ আদালত একই সড়কের আশা, শর্মা, শর্মিলা, ঝিনুক, আল মদিনা, রনি ফার্মেসিসহ ১০টি ওষুধের দোকানে তল্লাশি চালিয়ে প্রায় চার লাখ টাকার মেয়াদোত্তীর্ণ ও আমদানিনিষিদ্ধ বিদেশি ওষুধ জব্দ করেন। পরে এসব দোকানকে মোট ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রথম আলোকে জানান, জব্দ করা ওষুধ পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।