কক্সবাজারে ১১ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উল্লাস
প্রথম আলো-গ্রামীণফোন ইন্টারনেট উৎসব নিয়ে কক্সবাজার শহরের চারটি কলেজ ও সাতটি উচ্চবিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষার্থী উৎফুল্ল। উৎসবে যোগ দেওয়ার পাশাপাশি আই-জিনিয়াস নির্বাচিত হওয়ার জন্য সবার মধ্যে এক ধরনের প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। আগেভাগে প্রশিক্ষণেরও আয়োজন চলছে, চলছে তথ্যপ্রযুক্তি নিয়ে সচেতনতামূলক সমাবেশ। ২৯ সেপ্টেম্বর সকাল নয়টা থেকে বেলা তিনটা পর্যন্ত কক্সবাজার সরকারি মহিলা কলেজ মাঠে এ উৎসব চলবে। কক্সবাজার সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ এ কে এম ফজলুল করিম চৌধুরী জানান, উৎসব আয়োজনের স্থান হিসেবে তাঁর কলেজটি বেছে নেওয়ায় তিনিসহ ছাত্রী-শিক্ষকেরাও খুশি। সুন্দরভাবে উৎসব আয়োজনে ইতিমধ্যে অধ্যাপক বিপ্লব কান্তি পালকে প্রধান করে তিন সদস্যের উৎসব উদ্যাপন পরিষদ গঠন করা হয়েছে।সকাল সাড়ে ১০টায় কক্সবাজার কমার্স কলেজ, দুপুর ১২টায় কক্সবাজার সিটি কলেজ, বেলা একটায় কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয় ও বেলা দুইটায় প্রিপারেটরি উচ্চবিদ্যালয়ে গিয়ে উৎসব নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। উৎসবে কক্সবাজার সরকারি মহিলা কলেজ, কক্সবাজার সরকারি কলেজ, কক্সবাজার কমার্স কলেজ, কক্সবাজার সিটি কলেজ ও কক্সবাজার সরকারি বালক উচ্চবিদ্যালয়, কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, কক্সবাজার কেজি স্কুল, বায়তুশশরফ জব্বারিয়া একাডেমি, সৈকত বালিকা উচ্চবিদ্যালয়, ইলিয়াছ মিয়া চৌধুরী উচ্চবিদ্যালয়, প্রিপারেটরি উচ্চবিদ্যালয়ের অন্তত পাঁচ হাজার ছাত্রছাত্রী অংশ নিচ্ছে।কমার্স কলেজের অধ্যক্ষ ফজলুল করিম জানান, ডিজিটাল বাংলাদেশ গড়তে এই উৎসব অগ্রণী ভূমিকা পালন করবে। সিটি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এম জাফর সাদেক বলেন, অবহেলিত এই অঞ্চলে প্রথম আলো-গ্রামীণফোন ইন্টারনেট উৎসবের আয়োজন করে প্রমাণ করেছে, তারা মানুষের কল্যাণে কাজ করে। উৎসবে অন্যান্য প্রতিযোগিতার পাশাপাশি ‘আই-জিনিয়াস’ প্রতিযোগিতায় একজনকে ‘তারকা’ নির্বাচিত করা হবে। এই প্রতিযোগীর জন্য প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সাতজন করে ছাত্রছাত্রীকে রেজিস্ট্রেশন করা হয়েছে। প্রতিযোগিতায় অংশ নেবে সর্বোচ্চ ১০০ জন। উৎসবে ইন্টারনেট ও তথ্যপ্রযুক্তি সম্পর্কে অনেক কিছু থাকবে। থাকবে মজার মজার গেম শো। উৎসবটি কলেজের শিক্ষার্থী, আমন্ত্রিত অতিথি, সাংবাদিক, অভিভাবক ও শিক্ষকদের জন্য সংরক্ষিত থাকবে।