কক্সবাজারে ১২৯ প্রভাবশালীর দখলে নালা, তীব্র জলাবদ্ধতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার পৌরসভার প্রধান সড়কের দুই পাশ ও পানিনিষ্কাশনের নালা দখল করে ১২৯ জন প্রভাবশালী ব্যক্তি অবৈধ স্থাপনা নির্মাণ করেছেন। এ কারণে সামান্য বৃষ্টিতেই প্রধান সড়কের বাজারঘাটা এলাকার এক কিলোমিটার (সড়ক) কাদা মাটিতে সয়লাব হয়ে যায়। শহরজুড়ে সৃষ্টি হয় তীব্র জলাবদ্ধতার। পৌর বাসিন্দাদের পড়তে হয় চরম দুর্ভোগে।
পৌর মেয়র (ভারপ্রাপ্ত) মাহবুবুর রহমান চৌধুরী ঘোষণা দিয়েছেন, জলাবদ্ধতা নিরসনে ৩০ মার্চের আগে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করতে না পারলে তিনি পদত্যাগ করবেন। গত সোমবার দুপুরে পৌরসভার সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
কক্সবাজার সোসাইটির সহসভাপতি কলিম উল্লাহ বলেন, গত শুক্রবার থেকে সোমবার পর্যন্ত চার দিনের বৃষ্টিতে পুরো শহর নর্দমায় পরিণত হয়েছিল। নালা ভরাট হওয়ায় ময়লা-আবর্জনায় প্রধান সড়কের বাজারঘাটা, আইবিপি সড়ক, পেশকারপাড়া সড়ক, ফুলবাগ সড়ক এক ফুট কাদা মাটিতে তলিয়ে গিয়েছিল। ফলে সড়কের ওপর দিয়ে যানবাহন চলাচলও বন্ধ থাকে। ময়লা পানি শহরের শত শত দোকানপাট, বাসাবাড়িতে ঢুকে পড়ে। পৌর কর্তৃপক্ষ অবৈধ দখলদারদের উচ্ছেদে ব্যবস্থা নিচ্ছে না।
কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি দীপক শর্মা বলেন, দেড় বছর আগে অতিরিক্ত জেলা প্রশাসকের নেতৃত্বে গঠিত ১৩ সদস্যের একটি কমিটি সরেজমিনে অনুসন্ধান চালিয়ে পৌরসভার নালা দখলকারী ১২৯ প্রভাবশালীর তালিকা তৈরি করে। পরে তাঁদের উচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু রহস্যজনক কারণে এখনো সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়নি। নালাখেকোদের অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং শহরের পাহাড় কাটা বন্ধ না হলে আসন্ন বর্ষায় পুরো শহরে জলাবদ্ধতা দেখা দেবে। এ থেকে পরিত্রাণ পেতে তাঁরা শিগগিরই আন্দোলনে নামছেন।
পৌরসভা সূত্রে জানা গেছে, ১২৯ জনের মধ্যে ৪৬ জন দখলদারের বিরুদ্ধে গত বছরের আগস্টে (বর্ষা মৌসুম) উচ্ছেদ অভিযান শুরু করে পৌরসভা কর্তৃপক্ষ। ওই সময় প্রধান সড়কের পাশাপাশি চাউলবাজারের রাবেয়া কুটিরের নালার ওপর তৈরি ভবনের বর্ধিতাংশ উচ্ছেদ করা হয়। কিন্তু ঘোনারপাড়ার রাস্তার মোড় থেকে বার্মিজ মার্কেট, বাজারঘাটা হয়ে পেশকারপাড়া পর্যন্ত নালা দখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।
কক্সবাজার দোকান মালিক সমিতির সভাপতি মোস্তাক আহমদ বলেন, নালা দখলদারদের উচ্ছেদ না করায় বর্ষা মৌসুম এলে শহরের ব্যবসায়ীদের দুর্ভোগ চরমে পৌঁছায়। জলাবদ্ধতার কারণে ব্যবসায়ীদের কোটি টাকার লোকসান গুনতে হয়।
মাহবুবুর রহমান চৌধুরী বলেন, শহরে জলাবদ্ধতার অন্যতম কারণ পেশকারপাড়ার স্লুইসগেট ভরাট ও শহরের পাহাড় নিধন। পাহাড় কাটার মাটি বৃষ্টির পানিতে তলিয়ে শহরের নালা ভরাট হয়। এ কারণে নালা দিয়ে শহরের পানি বাঁকখালী নদীতে সহজে নামতে পারে না। এ কারণে শহরজুড়ে জলাবদ্ধতা দেখা দিচ্ছে। স্লুইসগেট সংস্কারের জন্য পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলীর সঙ্গে কথা হয়েছে। দ্রুত সংস্কার করা হবে।
নালা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ প্রসঙ্গে মেয়র বলেন, ইতিমধ্যে নালার অবৈধ দখলদারদের তালিকা তৈরি করা হয়েছে। ওই তালিকা যাচাই-বাছাইও হয়েছে। দখলদারদের সঙ্গে একাধিকবার বৈঠক করে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে বলা হয়েছে। কিন্তু তাতে কাজ হচ্ছে না। ৩০ মার্চের মধ্যে শহরের জলাবদ্ধতা নিরসনের জন্য প্রধানত দায়ী ছয়টি বড় স্থাপনা উচ্ছেদ করা হবে। পর্যায়ক্রমে অন্য অবৈধ স্থাপনাও উচ্ছেদ করা হবে।