প্রবল বর্ষণ আর সামুদ্রিক জলোচ্ছ্বাসের কারণে কক্সবাজারের চকরিয়া, পেকুয়া, কুতুবদিয়া, রামু ও সদর উপজেলার ৪৫টি ইউনিয়নের প্রায় ২০০ গ্রামে ফের বন্যা দেখা দিয়েছে।এতে অন্তত আড়াই লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ১৩ হাজারের বেশি ঘরবাড়ি বন্যার পানিতে নিমজ্জিত রয়েছে। দুই সপ্তাহ আগে সৃষ্ট আট দিনব্যাপী স্থায়ী বন্যায় (সরকারি হিসাবে) এই জেলার আটটি উপজেলায় সাড়ে সাত লাখ মানুষের প্রায় ৩০০ কোটি টাকার সম্পদহানি ঘটে।গতকাল রোববার সকালে পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের ঘোষালপাড়ায় গিয়ে দেখা গেছে, বেড়িবাঁধ ভেঙে ঢুকে পড়া সমুদ্রের জোয়ারের পানিতে শতাধিক ঘরবাড়ি তলিয়ে গেছে।একই ইউনিয়নের পার্শ্ববর্তী নতুনপাড়া, কইড়া বাজার, ষাট দুনিয়া, মিয়ারপাড়া, পশ্চিম উজানটিয়া এবং মগনামা ইউনিয়নের কালারপাড়া, কাকপাড়া, শুদ্ধখালীপাড়া, বেদেরবিলপাড়া, মরিচ্যাদিয়া, পশ্চিমকুল, সাতঘরপাড়াসহ অন্তত ২৫ গ্রামের প্রায় তিন হাজার ঘরবাড়ি পানির নিচে ডুবে রয়েছে।উজানটিয়া গ্রামের বৃদ্ধা জোহরা খাতুন (৭৬) বলেন, ‘গত পাঁচ দিন ধরে ঘরবাড়ি ছেড়ে একটি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে বসতি করছি। আমরা খাবারের জন্য চাল-ডাল চাই না। সামুদ্রিক জলোচ্ছ্বাস থেকে রক্ষার জন্য আমরা দ্রুত ভাঙা বাঁধের মেরামত চাই।’উজানটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম চৌধুরী বলেন, নানা চেষ্টা-তদবির করেও ভাঙা বেড়িবাঁধের সংস্কার করা যাচ্ছে না। ২১ জুলাই আবার পূর্ণিমার জোয়ার শুরু হবে। তখন হয়তো আরও সাত শতাধিক ঘরবাড়ি লোনা জলে ডুবে যাবে।চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম বলেন, মাত্র ১৫ দিনের ব্যবধানে দ্বিতীয় দফার বন্যায় এই উপজেলার ১১টি ইউনিয়নের ৫৪টির বেশি গ্রামের অন্তত এক লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। মাতামুহুরী নদীর পানি উপচে গ্রামে ঢুকে পড়ায় প্রায় তিন হাজার বসতবাড়ি পানির নিচে ডুবে রয়েছে। বর্ষণ ও পাহাড়ি ঢলের পানি আরও বাড়লে শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্যার পানিতে নিমজ্জিত হবে। তখন স্কুল ও মাদ্রাসায় চলমান দ্বিতীয় সাময়িক পরীক্ষা অনিশ্চিত হয়ে পড়বে।রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহেল সরোয়ার চৌধুরী বলেন, বন্যার পানিতে উপজেলার গর্জনিয়া, কচ্ছপিয়া, ফতেখাঁরকুল, মিঠাছড়ি, কাউয়ারকুপসহ ১১টি ইউনিয়নের অন্তত ৬০টির বেশি গ্রাম নতুন করে প্লাবিত হচ্ছে। বাঁকখালী নদীর পানি বৃদ্ধি পেয়ে ইতিমধ্যে তিন হাজারের বেশি ঘরবাড়ি ডুবে গেছে। প্রায় এক লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। প্রথম দফার বন্যায় এই উপজেলার তিন লাখ মানুষ নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) হাসিনা আকতার বলেন, ভাঙা বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে উপজেলার আলী আকবরডেইল, কৈয়ারবিল, উত্তর ধুরুং, লেমশিখালী, বড়ঘোপ ইউনিয়নের ৩০টির বেশি গ্রাম প্লাবিত হচ্ছে। জোয়ারের পানিতে ডুবে রয়েছে প্রায় দুই হাজার ঘরবাড়ি। পানি উন্নয়ন বোর্ড কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মো. মইনুদ্দিন বলেন, সাম্প্রতিক জলোচ্ছ্বাস ও বন্যায় জেলার কুতুবদিয়া, পেকুয়া, চকরিয়া, টেকনাফসহ বিভিন্ন উপজেলায় প্রায় ৯৫ কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে একেবারে বিলীন হয়েছে প্রায় ১৮ কিলোমিটার বেড়িবাঁধ। এই ভাঙা বাঁধ দিয়ে এখন জোয়ারের পানি ঢুকে পড়ছে বিভিন্ন গ্রামে।নির্বাহী প্রকৌশলী বলেন, জরুরি ভিত্তিতে ভাঙা বাঁধ মেরামত করে প্লাবন ঠেকানোর জন্য প্রায় ১১ কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়েছে। আর শুষ্ক মৌসুমে সম্পূর্ণ বিলীন ১৮ কিলোমিটার ভাঙা বাঁধ নির্মাণের জন্য অতিরিক্ত ২৭৭ কোটি টাকার আরেকটি প্রকল্প তৈরি করে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। জেলায় সর্বমোট বেড়িবাঁধ রয়েছে ৫৯৪ কিলোমিটার।