কক্সবাজারে ১৪টি ইটভাটার মালিকের বিরুদ্ধে মামলা
লাইসেন্স ছাড়া ইট উৎপাদন ও বিপণন এবং গুণগতমান ঠিক না রাখার অভিযোগে কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও এবং রামু সদরের ১৪টি ইটভাটা মালিকের বিরুদ্ধে মামলা করেছে বিএসটিআই।
গত সোমবার কক্সবাজার মুখ্য বিচারিক হাকিমের আদালতে এসব মামলা দায়ের করেন বিএসটিআইয়ের মাঠ কর্মকর্তা মো. সাফায়েত হোসেন।
ইটভাটা ১৪টি হলো এমএস ব্রিকস নামের পৃথক তিনটি ভাটা, এমআরসি ব্রিকস, এসএসবি ব্রিক ফিল্ড, এসবিএ ব্রিকস, রাইয়ান ব্রিকস, ভাই ভাই ব্রিকস, শাবরিনা ব্রিকস, ইবিসি ব্রিকস, বাগদাদ ব্রিকস, আরএমএম ব্রিকস, এফকেবি ব্রিক ফিল্ড ও এএসবি ব্রিকস।
বিএসটিআইয়ের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক মো. শওকত ওসমান প্রথম আলোকে বলেন, গত রোববার বিএসটিআইয়ের একটি দল রামু ও ঈদগাঁও এলাকার ২০টি ইটভাটায় অভিযান চালায়। তারা ১৪টি ইটভাটায় ইট উৎপাদনের বিপরীতে কোনো বৈধ কাগজপত্র পায়নি। ইটের গুণগতমানও খারাপ। তা ছাড়া ইটের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতাও সরকার কর্তৃক নির্ধারিত মানসম্পন্ন নয়। এতে ক্রেতা ও ভোক্তারা হয়রানি ও প্রতারণার শিকার হচ্ছেন। এ কারণে ১৪ ইটভাটা মালিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।