কক্সবাজারে ১৫ দিন পর লবণ উৎপাদন শুরু
কক্সবাজার সদর, টেকনাফ, উখিয়া, চকরিয়া, পেকুয়া, মহেশখালীসহ আটটি উপজেলার প্রায় ৫০ হাজার একর জমিতে আবার লবণ উৎপাদন শুরু হয়েছে।২ ও ৩ মার্চ টানা বৃষ্টি এবং ৮ ও ৯ মার্চ দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মাঠ নষ্ট হয়ে গেলে টানা ১৫ দিন লবণ উৎপাদন বন্ধ ছিল। এতে প্রায় দুই লাখ মেট্রিক টন লবণ উৎপাদন থেকে বঞ্চিত হয়েছেন ৫৫ হাজার চাষি। এদিকে উৎপাদিত লবণের দাম হঠাৎ কমে যাওয়ায় হতাশ হয়ে পড়েছেন চাষিরা।কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী গ্রামের চাষি কমর উদ্দিন (৫২) জানান, ২ মার্চ হঠাৎ বৃষ্টিতে তাঁর সাত একর জমির লবণ উৎপাদন বন্ধ হয়ে যায়। একবার বৃষ্টি হলে মাঠ ঠিক করে লবণ উৎপাদনের উপযোগী করতে সময় লাগে কমপক্ষে সাত দিন। কিন্তু ৮ ও ৯ মার্চ দুর্যোগপূর্ণ আবহাওয়া ও ঘন কুয়াশার কারণে ঠিক করা মাঠ আবার নষ্ট হয়ে যায়। এ কারণে আরও কয়েক দিন উৎপাদন ব্যাহত হয়। কক্সবাজার লবণ চাষি ঐক্য পরিষদের সভাপতি আনোয়ার পাশা চৌধুরী বলেন, দুই দিনের ভারী বৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে জেলার বিভিন্ন উপজেলায় চাষিদের অন্তত ১০ কোটি টাকার লবণ নষ্ট হয়। এ ছাড়া গত ১৫ দিনে প্রায় ৫০ হাজার একর জমিতে কমপক্ষে দুই লাখ মেট্রিক টন লবণ উৎপাদন থেকে বঞ্চিত হয়েছেন চাষিরা, যার বাজারমূল্য কয়েক কোটি টাকা।টেকনাফের নিলা ও রঙিখালী গ্রামের চাষি সৈয়দ নূর (৪৫) ও আবুল কালাম (৩৪) জানান, সরকার মাঠপর্যায়ে লবণের দাম নির্ধারণ করে দিয়েছেন কেজিপ্রতি চার টাকা। গত জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে মিলমালিক ও ব্যবসায়ীরা সরকার-নির্ধারিত দামে লবণ কিনলেও এখন দুই টাকার বেশিতে কেউ কিনতে রাজি হচ্ছেন না। এতে হতাশ হয়ে পড়েছেন চাষিরা। অনেকে লবণ চাষ বন্ধ রাখার সিদ্ধান্ত নিচ্ছেন।টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলার লবণ চাষি সমিতির সভাপতি মো. শফিক মিয়া জানান, গতকাল শনিবার প্রতি কেজি লবণ মাঠে বিক্রি হয়েছে সর্বোচ্চ আড়াই টাকায়। ঢাকার মিল মালিক ও ব্যবসায়ীরা সিন্ডিকেট করে লবণের মূল্য কমিয়ে দেওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়। অথচ বাজারে প্যাকেট লবণ বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকায়। টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিক মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, চলতি মৌসুমে তিনি ৪০ একর জমিতে লবণের চাষ করছেন। এ পর্যন্ত ওই জমিতে ৪০ হাজার মণ লবণ উৎপাদিত হলেও এখন পর্যন্ত তিনি লাভের মুখ দেখেননি।বিসিক সূত্র জানায়, বর্তমানে জেলার প্রায় ৫৭ হাজার একর জমিতে লবণ উৎপাদন করছেন প্রায় ৬০ হাজার প্রান্তিক চাষি। এ ছাড়া পাঁচ লাখ মানুষ লবণ উৎপাদন, বিপণন ও শিল্পের সঙ্গে জড়িত।