কক্সবাজারে ২০ পয়েন্টে বখাটেদের উৎপাত
কক্সবাজার শহরের অন্তত ২০টি পয়েন্টে বখাটেদের উৎপাতে স্কুল ও কলেজপড়ুয়া মেয়েরা অতিষ্ঠ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দল বেঁধে অথবা লাইসেন্সবিহীন মোটরসাইকেলে চড়ে বখাটেরা মেয়েদের উত্ত্যক্ত করছে। এদের অধিকাংশ ইয়াবা ও হেরোইন আসক্ত। গত ২৬ জানুয়ারি বখাটেদের উৎপাত বন্ধ করে মেয়েদের লেখাপড়ার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে দেওয়ার দাবিতে অভিভাবকেরা জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর সঞ্চারকলিপি দিয়েছেন। কিন্তু গতকাল শনিবার পর্যন্ত কোনো বখাটে ধরা পড়েনি।
শহরের টেকপাড়ার অভিভাবক মোতাহার হোসেন বলেন, বখাটের উৎপাতে মেয়েরা স্কুল-কলেজে যেতে পারছে না। শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতের সময় বখাটেরা মেয়েদের কটূক্তি করে। মেয়েরা প্রতিবাদ করলে গালমন্দ করা হয়। এ কারণে অনেক মেয়েশিক্ষার্থীর স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক গৃহবধূ বলেন, বখাটেদের উৎপাত থেকে মেয়েকে রক্ষার জন্য তিনি সকালে নবম শ্রেণীতে পড়ুয়া মেয়েকে নিয়ে স্কুলে যান। বৌদ্ধমন্দির সড়কে গেলে বখাটেরা মেয়েকে কটূক্তি করে। সঙ্গে থাকা মাকে পর্যন্ত পাত্তা দেয় না।
জেলা প্রশাসকের কাছে দেওয়া সঞ্চারকলিপিতে অভিভাবকেরা উল্লেখ করেন, ‘আমাদের মেয়েরা শহরের বিভিন্ন বিদ্যালয়ে প্রাতঃ ও দিবা শাখায় লেখাপড়া করে। কিন্তু সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের গেট থেকে পূর্ববাজারঘাটা, বার্মিজ মার্কেট, গোলদীঘিরপাড়, বৌদ্ধমন্দির সড়ক, টেকপাড়া, শহীদ তিতুমীর স্কুল সড়ক, বায়তুশশরফ স্কুল সড়ক, কালুর দোকান, কলাতলী রোড, সরকারি মহিলা কলেজ, সৈকত বালিকা উচ্চবিদ্যালয় গেট, সিটি কলেজ গেট, তারাবনিয়াছড়া, বাহারছড়া, নুনিয়াছটাসহ অন্তত ২০টি পয়েন্টে বখাটেরা মেয়েদের উত্ত্যক্ত ও কটূক্তি করে। ফলে মেয়েরা মানসিক অস্থিরতায় ভুগছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কলেজছাত্রী বলেন, কলেজের উদ্দেশে বের হলে একদল তরুণ তাকে ঘিরে ধরেন। কলেজ থেকে ফেরার সময়ও একই পরিস্থিতিতে পড়তে হয়। কলেজ বন্ধ হওয়ার ভয়ে এসব কথা ঘরেও বলা যাচ্ছে না। এই পরিস্থিতিতে লেখাপড়াও হচ্ছে না।
অষ্টম শ্রেণীর আরেক ছাত্রী ক্ষোভের সঙ্গে বলেন, গোলদীঘির পাড়ে সকাল সাতটা থেকে কিছু বখাটের আড্ডা চলে। মেয়েরা সড়কপথে হেঁটে যাওয়ার সময় বখাটেরা অশ্লীল উক্তি এবং প্রেমপত্র ছুড়ে মারে। মুঠোফোনে ছবি তুলে নেয়। অনেকে মোটরসাইকেলে পিছু নেয়। তখন নিজেকে অপরাধী মনে হয়। আশপাশের লোকজন এসব দেখেও নীরব ভূমিকা পালন করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, বখাটেদের উৎপাতের শিকার হচ্ছে অসংখ্য মেয়ে। অভিভাবকেরাও একই অভিযোগ করছেন। কিন্তু নানা চেষ্টা করেও উৎপাত বন্ধ করা যাচ্ছে না। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসীম উদ্দিন বলেন, ইতিমধ্যে লাইসেন্সবিহীন বেশ কিছু মোটরসাইকেল জব্দ করা হয়েছে। যৌন হয়রানি বন্ধ করতে সাদা পোশাকে পুলিশ কাজ করছে।
জেলা প্রশাসক মো. রুহুল আমিন বলেন, বখাটেদের উৎপাত বন্ধ করতে ভ্রাম্যমাণ আদালতকে মাঠে নামার নির্দেশ দেওয়া হয়েছে।