কক্সবাজারে ২০ হাজার বরজে মিষ্টি পান উৎপাদন শুরু
শীত মৌসুম সামনে রেখে কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে প্রায় তিন হাজার ২০০ হেক্টর জমিতে ২৪ হাজার পানের বরজ তৈরি (সৃজিত) হয়েছে। এর মধ্যে দুই হাজার ৯০০ হেক্টরে ২০ হাজার মিষ্টি পানের বরজ।গত বছর বরজে উৎপাদিত এক লাখ ৪৪ হাজার টন পান বিক্রি করে চাষিরা উপার্জন করেন প্রায় ৪৩০ কোটি টাকা। এবার পান বিক্রি করে অন্তত ৫০০ কোটি টাকা আয়ের স্বপ্ন দেখছেন তাঁরা। জেলার প্রায় ৬৩ হাজার চাষিসহ তিন লাখ মানুষ এই পান চাষের ওপর নির্ভরশীল।এর সত্যতা নিশ্চিত করে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা আশীষ কুমার বলেন, চলতি ডিসেম্বর মাসের শুরু থেকে এ পর্যন্ত জেলার টেকনাফ, সদর, রামু, উখিয়া, মহেশখালী, পেকুয়া, চকরিয়া ও কুতুবদিয়া উপজেলায় তিন হাজার হেক্টরের বেশি জমিতে নতুন করে ২৪ হাজারের মতো পানের বরজ তৈরি করা হয়েছে। রামু উপজেলার ফতেখাঁরকুল, রাজারকুল, পানিছড়া ও চাবাগান গ্রাম ঘুরে নজরে পড়ে অসংখ্য পানের বরজ। পানিছড়া গ্রামের চাষি আমির হামজা (৫৬) বলেন, ৩ ডিসেম্বর তিনি দেড় লাখ টাকা খরচ করে ৪০ শতকের একটি বরজ তৈরি করেন। এখন গাছে পান গজাতে শুরু করেছে। আগামী মার্চের শুরুতে পান বিক্রি সম্ভব হবে বলে জানান তিনি।রাজারকুলের চাষি ফরিদুল আলম (৫৫) বলেন, গত জুন, জুলাই ও আগস্ট মাসে তিন দফার বন্যা ও পাহাড়ি ঢলের পানিতে এই উপজেলায় অন্তত তিন হাজার পানের বরজ ধ্বংস হয়। ধারকর্জের টাকায় তিনি নভেম্বর মাসে আরেকটি বরজ তৈরি করেন। রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় সুপারির মতো এবার পানেরও বাম্পার উৎপাদন হচ্ছে।