কক্সবাজারের কলাতলী সুগন্ধা পয়েন্টের একটি হোটেলে গত শনিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে সমুদ্রপথে মালয়েশিয়াগামী ৩৭ ব্যক্তি ও তিন দালালকে আটক করেছে র্যাব।র্যাব সূত্র জানায়, আটক তিন দালাল হলেন: কক্সবাজারের উখিয়ার সোনারপাড়ার ইকবাল কামাল (২২), আহামঞ্চদিয়া রিসোর্টের ব্যবস্থাপক টেকনাফের নীলা ইউনিয়নের রঙিখালীর নুরুল আলম (২৩) ও কুষ্টিয়ার মিরপুরের মহদীপুর গ্রামের আবদুল গাফফার (৪২)। সূত্র জানায়, আটক ৩৭ যাত্রীর মধ্যে আটজন রোহিঙ্গা। তিন দালাল ও আট রোহিঙ্গার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।অভিযানে নেতৃত্ব দেওয়া র্যাব কক্সবাজার অঞ্চলের উপপরিচালক মেজর সরওয়ার-ই-আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, শনিবার দিবাগত রাত দুইটার দিকে সাগরে অপেক্ষমাণ একটি ট্রলারে ওঠার জন্য আহাম্মদিয়া রিসোর্ট থেকে বের হওয়ার সময় ৪০ জনকে আটক করা হয়। তিনি বলেন, আটক তিন দালাল ভালো চাকরির প্রলোভন দিয়ে ৩৭ ব্যক্তিকে অবৈধভাবে সমুদ্রপথে মালয়েশিয়া পাঠানোর চেষ্টা করছিলেন।মেজর সরওয়ার-ই-আলম বলেন, তিন দালাল ও আটজন রোহিঙ্গাকে কক্সবাজার সদর মডেল থানায় সোপর্দ করে মামলা করা হয়েছে। ২৯ যাত্রীকে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে। পরে অভিভাবকদের কাছে হস্তান্তর করা হবে।চট্টগ্রামের লোহাগাড়ার শফিউল কাদের বলেন, মাথাপিছু ৩০ থেকে ৪০ হাজার টাকা নিয়ে জাহাজে করে মালয়েশিয়া পাঠানোর কথা বলে দালালেরা তাঁদের ওই রিসোর্টে নিয়ে আসেন। গভীর রাতে তাঁরা র্যাব সদস্যদের হাতে ধরা পড়েন। রোহিঙ্গা লাল মিয়া বলেন, মিয়ানমারের আরাকান রাজ্যে তেমন কাজকর্ম নেই। তাই তিনি দুই মাস আগে স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেন। পরিবারের চার সদস্যকে টেকনাফ রেখে তিনি ২৫ হাজার টাকা দালালের হাতে তুলে দিয়ে মালয়েশিয়া যাচ্ছিলেন।