কক্সবাজারে ৪৯ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন শেখ হাসিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ বছর পর কাল (৩ সেপ্টেম্বর) কক্সবাজার সদর উপজেলার চৌফলদণ্ডী নদীর ওপর তৈরি ৩৪৭.৪৬ মিটার লম্বা ‘খুরুশকুল-চৌফলদণ্ডী সেতু’ চালু হচ্ছে।
এই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুসহ জেলার ৪৯ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। কক্সবাজার সড়ক ও জনপথ (সওজ) বিভাগ ১৭ কোটি ৯৮ লাখ ৮২ হাজার টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করে। সওজের নির্বাহী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, সেতুটি চালু হলে কক্সবাজার শহরের সঙ্গে কক্সবাজার-চট্টগ্রাম উপকূলীয় আঞ্চলিক মহাসড়কের (এবিসি রোড) ৫০ কিলোমিটার এবং বৃহত্তর ঈদগাঁও এলাকার ১৫ কিলোমিটার দূরত্ব কমবে। তখন মানুষের দুর্ভোগ লাঘবের পাশাপাশি সময়ের অপচয়ও রোধ হবে।
গতকাল রোববার সকালে গিয়ে দেখা গেছে, নতুন সেতুর ওপর দিয়ে লোকজন চলাচল করছে। জেলা প্রশাসক মো. রুহুল আমিন বলেন, আগামীকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজারে এসে সুইচ টিপে ৪৯টি প্রকল্পের উদ্বোধন করবেন। এর মধ্যে সকালে রামুতে উদ্বোধন করবেন ১২টি নতুন বৌদ্ধবিহার। আর বিকেলে উখিয়ার দলীয় জনসভায় উদ্বোধন করবেন সাতটি নতুন বৌদ্ধবিহারসহ জেলার ৩৭টি উন্নয়ন প্রকল্প।
সংশ্লিষ্ট সূত্র জানায়, কাল সকাল ১১টায় হেলিকপ্টারযোগে রামু পৌঁছে শেখ হাসিনা পাহাড়চূড়ায় স্থাপিত বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্রে গিয়ে নবনির্মিত বৌদ্ধবিহারের উদ্বোধন করবেন। এখানে রয়েছে এশিয়ার বৃহৎ ১০০ ফুট লম্বা গৌতম বুদ্ধ সিংহশয্যা মূর্তি। সেখান থেকে তিনি যাবেন রামু কেন্দ্রীয় সীমা বিহারে। সেখানে তিনি সুইচ টিপে আরও ১০টি নতুন বৌদ্ধবিহারের উদ্বোধন ঘোষণা করবেন।
গতকাল দুপুরে সীমা বিহারে গিয়ে দেখা গেছে, তিনতলা বিহারটি আকর্ষণীয় করে সাজানো হয়েছে। চৌমুহনী থেকে বিহারে যাওয়ার রাস্তাটি পাকা করা হয়েছে এবং রাস্তার মাথায় সোনালি রঙের আকর্ষণীয় গেট তৈরি করা হয়েছে। ১১ মাস আগে অর্থাৎ গত বছরের ২৯ সেপ্টেম্বর দুর্বৃত্তরা এই বিহারসহ আশপাশের ১২টি বৌদ্ধবিহার পুড়িয়ে দেয়। রামু উপজেলা কেন্দ্রীয় বৌদ্ধ ঐক্য ও কল্যাণ পরিষদের সভাপতি প্রবীর বড়ুয়া বলেন, প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে বৌদ্ধপল্লিতে উৎসবের আমেজ চলছে। রামু কেন্দ্রীয় সীমা বিহারের অধ্যক্ষ সত্যপ্রিয় মহাথের বলেন, ‘বিহার নির্মাণ নিয়ে প্রধানমন্ত্রীর আন্তরিকতার কোনো অভাব ছিল না। তাঁর নির্দেশে সেনাবাহিনী অল্প সময়ে সব বিহার দৃষ্টিনন্দনভাবে তৈরি করে দিয়েছে। এতে আমরা খুশি।’
সেনাবাহিনীর কক্সবাজারের ১৭ ইসিবি অধিনায়ক লে. কর্নেল জুলফিকার রহমান বলেন, প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে এবং বৌদ্ধ স্থাপত্য অনুসরণ করে রামু ও উখিয়ার ১৯টি বিহার নির্মাণ করা হয়েছে। উদ্বোধনের পর এসব বিহার জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। গত বছরের ২৯ সেপ্টেম্বর রামু হামলার পর ৮ অক্টোবর শেখ হাসিনা রামু সফরে এসে ক্ষতিগ্রস্ত বিহার ও বসতি নির্মাণের ঘোষণা দেন।