২৫০ শয্যার কক্সবাজার সদর হাসপাতালে প্রায় ৫০ লাখ টাকার মালামাল সরবরাহের কাজ গোপনে হাতিয়ে নিতে তৎপর একটি চক্র। এর সঙ্গে সিভিল সার্জনসহ হাসপাতালের একটি অসাধু চক্র যুক্ত থাকার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে ঠিকাদারদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতিবছর হাসপাতালের প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামসহ মালামাল কেনার জন্য এমএসআর নামের বার্ষিক দরপত্র আহ্বান করা হয়। বিধিমোতাবেক একটি বাংলা ও একটি ইংরেজি জাতীয় দৈনিক এবং স্থানীয় একটি দৈনিকে এই দরপত্র বিজ্ঞপ্তি প্রচার করার নিয়ম থাকলেও এ ক্ষেত্রে তা করা হয়নি। কক্সবাজার শহরের মেসার্স সিটি মেডিকেল হলের মালিক ও ঠিকাদার পরিতোষ দাশ জানান, জাতীয় কোন পত্রিকায় ওই দরপত্র প্রকাশ করা হয়েছে তাঁরা জানেন না। তার পরও বিভিন্ন সূত্রে খবর পেয়ে কক্সবাজারের ঠিকাদারেরা ১২, ১৩ ও ১৪ অক্টোবর হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে শিডিউল (দরপত্র) কেনার চেষ্টা করেন। এ সময় তাঁদের বলা হয়, এমএসআরের দরপত্র বিজ্ঞপ্তি স্থানীয় দৈনিকে প্রকাশ করা হবে। তখন দরপত্র কেনা যাবে। কিন্তু রহস্যজনক কারণে ১৮ অক্টোবর দরপত্র খোলার শেষ তারিখ ঘোষণা দিয়ে চট্টগ্রামের একটি চক্রকে বিপুল অঙ্কের কাজটি দেওয়ার প্রস্তুতি চালানো হচ্ছে। এতে হাসপাতাল কর্তৃপক্ষকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে হাত করা হয়েছে। শহরের হাসপাতাল সড়কের শর্মা মেডিকোর মালিক ও ঠিকাদার কনক শর্মা বলেন, ‘হাসপাতালের একটি জালিয়াত চক্র গত ২২ সেপ্টেম্বরের ডেইলি স্টার ও ইত্তেফাক পত্রিকায় ওই দরপত্র বিজ্ঞপ্তিটি সন্নিবেশ করে তা পুনর্মুদ্রণের (নকল) মাধ্যমে প্রকৃত ঠিকাদারদের বঞ্চিত করে একটি চক্রকে ৫০ লাখ টাকার কাজ পাইয়ে দিতে চক্রান্ত চালাচ্ছে। আমরা ওই দিনেরসহ পুরো এক মাসের (সেপ্টেম্বর) ডেইলি স্টার ও ইত্তেফাক পত্রিকা ঘেঁটে তাতে হাসপাতালের কোনো দরপত্র দেখিনি। কক্সবাজারের স্থানীয় কোনো দৈনিকে অদ্যাবধি এ-সংক্রান্ত কোনো দরপত্র প্রকাশ করা হয়নি।’নাম প্রকাশে অনিচ্ছুক আরও কয়েকজন ঠিকাদার জানান, সিভিল সার্জন নিজে এই অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত। এ ব্যাপারে তাঁরা ২০ অক্টোবর স্বাস্থ্যমন্ত্রী, উপদেষ্টা এবং সচিব বরাবর অভিযোগ-সংবলিত চিঠি পাঠিয়েছেন। হাসপাতাল পরিচালনা কমিটির উপদেষ্টা কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সাংসদ লুৎফুর রহমান জানান, দরপত্রে অনিয়মের বিষয়টি ঠিকাদারেরা তাঁকেও লিখিতভাবে জানিয়েছেন। এ ব্যাপারে তদন্ত চলছে।দুর্নীতি ও অনিয়মের সঙ্গে নিজের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে সিভিল সার্জন কাজল কান্তি বড়ুয়া জানান, এই অনিয়ম তদন্তের জন্য ২২ অক্টোবর হাসপাতালের চিকিৎসক রফিকুল ইসলামকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি তদন্ত করে অনিয়ম পেলে নতুন করে ওই দরপত্র আহ্বান করা হবে।কোনো পত্রিকায় বিজ্ঞপ্তি না দিয়ে ভুয়া দরপত্র আহ্বান প্রসঙ্গে জানতে চাইলে সিভিল সার্জন বলেন, ‘গত সেপ্টেম্বর মাসের ২২ ও ২৪ তারিখ যথাক্রমে ডেইলি স্টার ও ইত্তেফাক-এ দরপত্রটি প্রকাশ করা হয়েছে বলে শুনেছি। এ নিয়ে কথা ওঠায় তদন্ত দল গঠন করা হয়েছে। ভুয়া বিজ্ঞপ্তি হলে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’সিভিল সার্জন বলেন, ‘১৮ অক্টোবর দরপত্র খোলার দিন ছিল। তার অর্থ এই নয় যে কাউকে প্রায় ৫০ লাখ টাকার কাজটি দিয়ে দেওয়া হয়েছে।’