কক্সবাজারে ৫০ হাজার একর জমিতে লবণ উৎপাদন বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কালবৈশাখীর তাণ্ডবের পর গত মঙ্গলবার থেকে কক্সবাজারের প্রায় ৫০ হাজার একর জমিতে লবণ উৎপাদন বন্ধ হয়ে গেছে। কালবৈশাখীর আঘাতে সদর, কুতুবদিয়া, টেকনাফ, উখিয়া, মহেশখালীসহ বিভিন্ন উপজেলায় দেড় হাজার পানের বরজ ও ৭০০ কাঁচা ঘরবাড়ি নষ্ট হয়ে গেছে। এদিকে গত মঙ্গলবার কক্সবাজারে বজ্রপাতে মোট সাতজন মারা গেছে বলে খবর পাওয়া গেছে।সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের মামুনপাড়ার চাষি গিয়াস কামাল বলেন, গত মঙ্গলবারের বৃষ্টিপাতে তাঁর ১০ মণ লবণ নষ্ট হয়ে গেছে। বৃষ্টির কারণে মাঠ নষ্ট হওয়ায় লবণ উৎপাদন বন্ধ হয়ে গেছে। একইভাবে টেকনাফের রঙিখালী, হ্নীলা, জাদিমুরা ও সাবরাং এলাকার প্রায় ১০ হাজার একর জমিতেও লবণ উৎপাদন বন্ধ রয়েছে। টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিক মিয়া বলেন, লবণের বাম্পার উৎপাদন মৌসুমে হঠাৎ কালবৈশাখী ও বৃষ্টিপাত চাষিদের মারাত্মক ক্ষতি করেছে। কক্সবাজার লবণ চাষি সংগ্রাম পরিষদের সভাপতি আনোয়ার পাশা চৌধুরী বলেন, বৃষ্টিপাতের কারণে জেলার ৫০ হাজার একর জমিতে গত মঙ্গলবার থেকে উৎপাদন বন্ধ রয়েছে। মাঠ ঠিক করে আবার লবণ উৎপাদন উপযোগী করতে কমপক্ষে সাত দিন সময় লাগবে। তত দিন ৫৫ হাজার প্রান্তিক চাষিকে বেকার থাকতে হবে। কালবৈশাখীতে টেকনাফ, উখিয়া, রামু, সদর, চকরিয়াসহ বিভিন্ন উপজেলায় প্রায় দেড় হাজার পানের বরজ নষ্ট হয়ে গেছে। মহেশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিক বলেন, কালবৈশাখীতে এ উপজেলার নয়টি ইউনিয়নে অন্তত ৪০০ পানের বরজ নষ্ট হয়ে গেছে। এ ছাড়া উখিয়ায় ৩০০, টেকনাফে ২০০, রামুতে ১০০, চকরিয়ায় ২০০ ও সদরে ২৭০টি পানের বরজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া জেলার প্রায় ৭০০ কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলা প্রশাসক মো. রুহুল আমিন বলেন, কালবৈশাখীতে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তালিকা তৈরি করা হচ্ছে। মঙ্গলবার বজ্রপাতে কক্সবাজার শহরের বিজিবি ক্যাম্প এলাকার শাহেনা আকতার (২৪), সদর উপজেলার অফিসপাড়ার লিটন (৩০), চকরিয়া খুঁটাখালীর জামাল হোসেন (৪০), মহেশখালীর সিপাহিপাড়ার এরশাদুল করিম (২০) ও কুতুবদিয়ার দক্ষিণ ধুরুং গ্রামের শামসুন নাহার (৫০), মহেশখালীর মাতারবাড়ী গ্রামের নাসির আহমদ (২৫), সদর উপজেলার বড়ছড়া গ্রামের আক্তার কামালের স্ত্রী রোজিনা আক্তার (৩৫) মারা গেছেন।