কক্সবাজারে ৫০০ শিক্ষাপ্রতিষ্ঠান জলাবদ্ধ, লেখাপড়া বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারে গত এক সপ্তাহের টানা বৃষ্টি, পাহাড়ি ঢল ও বাঁধ ভেঙে জেলার অন্তত পাঁচ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে বন্যার পানি ঢুকে পড়েছে। এর মধ্যে অন্তত ২৩০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বন্যাদুর্গত লাখো মানুষ আশ্রয় নিয়েছে। বন্যায় এসব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বন্ধ হয়ে গেছে শিক্ষার্থীদের পড়াশোনাও। এদিকে গতকাল শনিবার থেকে জেলার মাধ্যমিক বিদ্যালয়গুলোতে দ্বিতীয় সাময়িক পরীক্ষা শুরু হয়েছে। আগামী ১ আগস্ট থেকে শুরু হবে প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষা। ঘরবাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠানে পানি ঢুকে পড়ায় শিক্ষার্থীরা কীভাবে পড়াশোনা করবে এবং পরীক্ষা দেবে তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন অভিভাবকেরা।গত শুক্রবার জেলায় তেমন বৃষ্টিপাত না হলেও গতকাল থেকে আবারও বৃষ্টিপাত শুরু হয়েছে। এ অবস্থায় জেলায় বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা করা হচ্ছে। জেলা শিক্ষা ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, জেলার সদর, চকরিয়া, পেকুয়া, টেকনাফ, উখিয়া, রামু, মহেশখালী ও কুতুবদিয়া উপজেলায় এক হাজার ১০৮টি সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। প্রাথমিক বিদ্যালয় ৯১৭টি, মাধ্যমিক ১৪৫টি, কলেজ ৪৬টি। এর মধ্যে পাঁচ শতাধিক বিদ্যালয় ও মাদ্রাসায় বন্যার পানি ঢুকে পড়েছে। ফলে এসব প্রতিষ্ঠানে অধ্যয়নরত দুই লাখ শিক্ষার্থীর পড়ালেখা কয়েক দিন ধরে বন্ধ রয়েছে। গতকাল কক্সবাজারের টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী সালমা বেগম বলে, ‘ছয় দিন ধরে বিদ্যালয়ে কোমর সমান পানি। এ কারণে লেখাপড়াও বন্ধ।’সালমা বলে, ‘১ আগস্ট থেকে আমাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষা শুরু হওয়ার কথা। কিন্তু এই পরিস্থিতিতে লেখাপড়া বন্ধ থাকলে পরীক্ষা দেব কী করে।’ টেকনাফ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ইউনুস বাঙ্গালী জানান, উপজেলার ৮০টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে অর্ধশতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে বন্যার পানি ঢুকেছে। ফলে লেখাপড়া বন্ধ রয়েছে ২০ হাজারের বেশি শিক্ষার্থীর। গতকাল সকালে দেখা গেছে, কক্সবাজার সরকারি কলেজের বিপরীতে ইলিয়াছ মিয়া চৌধুরী উচ্চবিদ্যালয়, খুরুলিয়া দাখিল মাদ্রাসা, বাংলাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন এলাকার অসংখ্য বিদ্যালয়, মক্তব, মাদ্রাসা, মন্দির, হাসপাতাল, ক্লিনিকে হাঁটু সমান পানি। জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ বলেন, ‘এবারের বন্যায় জেলার ৮০ শতাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে পানি ঢুকে পড়েছে। গৃহহীন হয়ে পড়েছে ৫০ হাজার দরিদ্র মানুষ। তারা এখন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আশ্রয় নিলেও ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন। আবার আজ (গতকাল শনিবার) থেকে মাধ্যমিক বিদ্যালয়ে দ্বিতীয় সাময়িক পরীক্ষা শুরু হলেও দুর্গত এলাকার বহু শিক্ষার্থী পরীক্ষা দিতে পারছে না। কারণ বিদ্যালয় বন্ধ।’ জেলা শিক্ষা কর্মকর্তা মো. নুরুজ্জামান কক্সবাজারের বাইরে। মুঠোফোন বন্ধ থাকায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।জেলা শিক্ষা কার্যালয়ের একটি সূত্র বলেছে, বন্যার পানিতে ঠিক কতটি শিক্ষাপ্রতিষ্ঠান ডুবেছে, সেই চিত্র পাওয়া যায়নি। তালিকা তৈরির কাজ চলছে। তবে আনুমানিক পাঁচ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ডুবে আছে। এর মধ্যে তিনতলাবিশিষ্ট ২৩০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনে লাখো মানুষ আশ্রয় নিয়েছে। জেলা প্রশাসক মো. জয়নুল বারী বলেন, গত শুক্রবার পর্যন্ত বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে দুই লাখ টাকা ও ১০০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। একই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দল, জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠন দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করছে।