কক্সবাজারের টেকনাফে ৪২ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহের ঘটনায় বিডিআর আইনের মামলায় ৫১ জন জওয়ানকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। তাঁদের প্রত্যেককে ১১০ টাকা জরিমানা করা হয়।কক্সবাজার ১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদর সপ্তরে স্থাপিত বিশেষ আদালত-১৬ গতকাল বুধবার সকালে এই রায় দেন।আদালতে বিচারকমণ্ডলীর সভাপতির দায়িত্ব পালন করেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রাঙামাটি সেক্টরের কমান্ডার কর্নেল মো. বশিরুল ইসলাম। অপর দুই বিচারক হলেন কর্নেল মো. আবদুর রউফ ও মেজর এম এ রাকিব। উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল গৌতম কুমার রায়।সকাল ১০টায় আদালতের সভাপতি আসামিদের হাজিরা নিশ্চিত করেন এবং বিদ্রোহের ঘটনার বর্ণনা দেন। এরপর রায় ঘোষণা করা হয়। ১৮ জনকে সর্বোচ্চ সাত বছর, একজনকে সাড়ে ছয় বছর, ১১ জনকে ছয় বছর, আটজনকে পাঁচ বছর, তিনজনকে চার বছর, একজনকে সাড়ে তিন বছর, সাতজনকে তিন বছর, একজনকে দুই বছর এবং একজনকে এক বছর কারাদণ্ড দেওয়া হয়।সর্বপ্রথম হাবিলদার আফতাব উদ্দিনকে সাত বছরের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হলে তিনি দাঁড়িয়ে বলেন, ‘আলহামদুলিল্লাহ।’ এরপর একের পর এক হাবিলদার মহিউদ্দিনকে পাঁচ বছর, হাবিলদার নজরুল ইসলামকে পাঁচ বছর, হাবিলদার দিদারুল ইসলামকে ছয় বছর, হাবিলদার আতিকুর রহমানকে সাত বছর, সুবেদার মেজর ছিদ্দিকুর রহমানকে ছয় বছর ছয় মাস এবং অন্য ৪৫ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয় ও জরিমানা করা হয়।রায় ঘোষণার পর আদালতের সভাপতি বলেন, সাজা আজ (বুধবার) থেকে কার্যকর হচ্ছে।পরে এক সংবাদ ব্রিফিংয়ে মামলার কৌঁসুলি ৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মোজাম্মেল হোসেন জানান, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি দণ্ড পাওয়া আসামিরা ব্যাটালিয়নের সদর দপ্তর ও সীমান্তচৌকিতে (বিওপি) বিদ্রোহ ঘোষণা করে ব্যাপক গুলিবর্ষণ করেন। এর আগে অস্ত্রাগার থেকে অস্ত্র ও গোলাবারুদ লুট করে ত্রাস সৃষ্টি করা হয়। সেনা কর্মকর্তাদের আক্রমণের উদ্দেশ্যে ধাওয়া করেন জওয়ানরা। কর্মকর্তাদের বাসভবনে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটতরাজ চালানো হয়। অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামিদের উপস্থিতিতে আদালত গতকাল এ রায় ঘোষণা করেন।সাজা পাওয়া ৫১ জওয়ানকে দুপুর ১২টায় কড়া নিরাপত্তার মধ্যে আদালত থেকে কক্সবাজার জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়। এ সময় কয়েকজন কান্নায় ভেঙে পড়েন।কারাগারের উদ্দেশ্যে বাসে তোলার সময় সাজা পাওয়া কয়েকজন জওয়ান উচ্চ স্বরে বলতে থাকেন, ‘সব শালার বিচার হলো, রাজাকারের বিচার হলো না।’শ্রীমঙ্গলে অভিযোগ গঠন: শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি জানান, মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১৪ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহের ঘটনায় বিডিআর আইনের মামলায় ৪৪ জন জওয়ানের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। শ্রীমঙ্গলে ১৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-১৪তে গতকাল দুপুরে অভিযোগ গঠন করা হয়। আদালতে ১৮ জন আসামি দোষ স্বীকার করেন।আসামিদের উপস্থিতিতে গতকাল সকাল সোয়া ১০টায় আদালতের কার্যক্রম শুরু হয়। এ সময় মামলার কৌঁসুলি ১৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল হুদা ৪৫ জন আসামির বিরুদ্ধে আনা অভিযোগ আদালতে পড়ে শোনান। আদালতে অভিযুক্ত জওয়ানদের ভিডিওচিত্র দেখানো হয়। এ পর্যায়ে আদালত মরহুম সৈনিক জালাল উদ্দিনকে মামলা থেকে অব্যাহতি দিয়ে ৪৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।আদালতে বিচারকমণ্ডলীর সভাপতির দায়িত্ব পালন করেন বিজিবির যোগাযোগ পরিদপ্তরের পরিচালক কর্নেল এস এম ফরহাদ।খাগড়াছড়িতে ১০ জনের সাক্ষ্য গ্রহণ: খাগড়াছড়ি প্রতিনিধি জানান, খাগড়াছড়ি সেক্টর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ৪২ জনের বিরুদ্ধে করা বিডিআর আইনের মামলায় গতকাল সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। বিজিবির খাগড়াছড়ি সেক্টর সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-১৫তে সাক্ষ্য গ্রহণের প্রথম দিন গতকাল ১০ জনের সাক্ষ্য নেওয়া হয়। আদালতে সভাপতিত্ব করেন বিজিবি খাগড়াছড়ি সেক্টরের কমান্ডার কর্নেল আবু ওহাব মো. হাফীজুল হক।