কক্সবাজারে ৫৩ হাজার মামলার জট, দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের বিভিন্ন আদালতে বিচারক-সংকটসহ নানা কারণে ৫৩ হাজারের বেশি মামলা ঝুলে আছে। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে বিচারপ্রার্থীদের।
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ তারেক প্রথম আলোকে জানান, বর্তমানে আদালতে ৫৩ হাজার ১৪০টি মামলা রয়েছে। এর মধ্যে দেওয়ানি মামলা ২০ হাজার, ফৌজদারি মামলা ৩৩ হাজার।
আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, শূন্যপদে বিচারক নিয়োগ এবং আরও দুটি পৃথক অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত স্থাপন করে মামলার জট দূর করার চেষ্টা চলছে। তা ছাড়া পাঁচ বছরের পুরোনো মামলাগুলো দ্রুত নিষ্পতির জন্য জেলা আইনজীবী সমিতির নেতাদের সঙ্গে সংশ্লিষ্ট বিচারকদের আলোচনা চলছে।
আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, ৫৩ হাজার মামলার মধ্যে বিচারাধীন ২০ হাজার। গত বুধবার আদালত এলাকায় গিয়ে দেখা যায়, বিভিন্ন এলাকার শত শত বিচারপ্রার্থী আদালতে ভিড় করেছেন। মামলা জটের কারণে অনেকে পরবর্তী তারিখ জেনে বাড়ি ফিরছেন। ১২০ কিলোমিটার দূরের টেকনাফের শাহপরীর দ্বীপ মিস্ত্রিপাড়ার বাসিন্দা আবদুল মতলব বলেন, ‘একটি মিথ্যা মামলার আসামি হয়ে পাঁচ বছর ধরে আদালতে হাজিরা দিচ্ছি। একবার হাজিরা দিতে এলে এক হাজার টাকা খরচ হয়।’
টেকনাফের এক গৃহবধূ বলেন, টেকনাফ থেকে সকালে এসে আদালতে পৌঁছা যায় না। তাই আগের দিন কক্সবাজার শহরে চলে আসতে হয়। হোটেলে থাকা-খাওয়া এবং পরিবহন খরচসহ তাঁর দেড় হাজার টাকা খরচ হয়। তিনি জানান, এক মাস পর তাঁকে আবার হাজিরা দিতে আসতে হবে। গত তিন বছর ধরে এই আসা-যাওয়া চলছে। কিন্তু মামলার নিষ্পত্তির কোনো লক্ষণ দেখছেন না তিনি।
আইনজীবী ও বিচারপ্রার্থীরা বলেন, বিচারক-সংকটের কারণে বিভিন্ন মামলার সাক্ষ্য গ্রহণ না হওয়ায় শত শত মামলার বিচারপ্রার্থীদের আদালতে হাজিরা দিয়ে ফিরে যেতে হচ্ছে।
জ্যেষ্ঠ আইনজীবী ও সাবেক পিপি মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, আদালতে পিপি এপিপি আছেন ৩১ জনের মতো। কিন্তু তাঁদের মধ্যে সমন্বয় নেই।
পিপি মমতাজ আহমদ বলেন, জমি নিয়ে বিরোধ, নারী নির্যাতন ও মাদকদ্রব্য নিয়ে বেশি মামলা হচ্ছে। কিন্তু সেই হারে বিচারক নিয়োগ দেওয়া হচ্ছে না। এতে মামলা জট হচ্ছে।