কক্সবাজারে ৬ হাজার ইয়াবাসহ তিন যুবক আটক
কক্সবাজার শহরতলির লিংক রোড থেকে গতকাল শুক্রবার ভোরে র্যা ব সদস্যরা প্রায় ৩০ লাখ টাকা দামের ছয় হাজার ইয়াবা বড়িসহ তিন যুবককে আটক করেছে। টেকনাফ সীমান্ত দিয়ে আনা মিয়ানমারের এই ইয়াবা ট্রাকে করে চট্টগ্রামে পাচার করা হচ্ছিল। আটক তিন যুবক হলেন: জেলার টেকনাফ উপজেলার নিলা ইউনিয়নের স্বপন বিশ্বাসের ছেলে রতন বিশ্বাস (২৮), উখিয়ার গয়ালমারা গ্রামের ছিদ্দিক আহমদের ছেলে মো. জাকারিয়া (২৫) এবং একই উপজেলার পালংখালী গ্রামের আকবর আলীর ছেলে মো. ইউসুফ (২৩)। অভিযানে নেতৃত্বদানকারী র্যা ব চট্টগ্রাম-৭-এর কক্সবাজার অঞ্চলের প্রধান মেজর সরওয়ার-ই-আলম এর সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ঢাকা মেট্রো-এ-১৪০৬৪৬ ট্রাকে লুকিয়ে টেকনাফ-কক্সবাজার সড়কের কোটবাজার থেকে ইয়াবার চালানটি চট্টগ্রাম নেওয়া হচ্ছিল। গোপন খবরের ভিত্তিতে গতকাল ছয় হাজার ইয়াবাসহ তিন যুবককে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। ইয়াবার বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা।