কক্সবাজারে ৭০ হাজার একর জমিতে লবণ উৎপাদন শুরু
কক্সবাজারের টেকনাফ, মহেশখালী, কুতুবদিয়া, পেকুয়া, চকরিয়া, সদরসহ বিভিন্ন উপজেলার প্রায় ৭০ হাজার একর জমিতে লবণ উৎপাদন শুরু হয়েছে। ১ ডিসেম্বর থেকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলতি মৌসুমের পাঁচ মাসে এসব জমি থেকে অন্তত ১৭ লাখ মেট্রিক টন লবণ উৎপাদনের আশা করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, এ বছর দেশে লবণের বার্ষিক জাতীয় চাহিদা নির্ধারণ করা হয়েছে ১৫ লাখ ছয় হাজার মেট্রিক টন। কক্সবাজার উপকূলের ৪৫ হাজার প্রান্তিক চাষিসহ অন্তত পাঁচ লাখ মানুষ লবণ উৎপাদন, পরিবহন, বিপণনের সঙ্গে জড়িত। গতকাল সোমবার সকালে চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী গ্রাম পরিদর্শন করে দেখা গেছে, কয়েক শ শ্রমিক মাঠে সমুদ্রের লোনা পানি ঢোকাচ্ছেন। অনেকে মাঠে পলিথিন বিছিয়ে দিচ্ছেন। কেউ আবার নতুন করে লবণ উৎপাদনের মাঠ তৈরি করছেন। স্থানীয় চাষি মমতাজুল ইসলাম (৫৪) বলেন, সকালে ঢোকানো লোনা পানি সূর্যতাপে শুকিয়ে বিকেলে সাদা লবণের আস্তরে পরিণত হয়। পরে এসব লবণ কুড়িয়ে গুদামে মজুদ করা হয়। মাঠ তৈরি, পলিথিন ক্রয় ও শ্রমিকের মজুরি ছাড়া লবণ উৎপাদনে আর কোনো খরচ নেই। একই অবস্থা নজরে পড়ে সমুদ্র উপকূলীয় উপজেলা পেকুয়ার উজানটিয়া গ্রামে। এই গ্রামের চাষি সৈয়দ নূর (৬৬) বলেন, প্রান্তিক চাষিদের মধ্যে শতকরা আটজনের নিজের কোনো জমি নেই। তাঁরা মহাজন বা ধনীদের জমি বর্গা অর্থাৎ প্রতি কানি (৪০ শতকে এক কানি) জমি সাত থেকে ১০ হাজার টাকায় ইজারা নেন। তারপর লবণ উৎপাদন শুরু করেন। উৎপাদিত প্রতি মণ লবণ ১৩০ টাকার বেশিতে বিক্রি করা সম্ভব হলে লাভ থাকে। কমে গেলে লোকসান গুনতে হয়। টেকনাফের নিলা ইউনিয়নের মুছনী গ্রামের চাষি দিল মোহাম্মদ (৫০) বলেন, শৈত্যপ্রবাহ দেখা দেওয়ায় গতকাল থেকে লবণের উৎপাদন কমে যাচ্ছে। আবার প্রাকৃতিক দুর্যোগ কিংবা ঝড়-বৃষ্টি হলে উৎপাদন কয়েক দিনের জন্য বন্ধ হয়ে যেতে পারে। বিসিক কক্সবাজার লবণ শিল্প উন্নয়ন প্রকল্পের বৈজ্ঞানিক কর্মকর্তা মো. ওয়ালী উল্লাহ বলেন, চলতি মৌসুমে প্রায় ৭০ হাজার একর জমিতে লবণ উৎপাদনের প্রস্তুতি চলছে। গত ১৪ দিনে (১ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত) প্রায় ১৪ হাজার একর জমিতে দুই হাজার ৪০০ মেট্রিক টন লবণ উৎপাদিত হয়েছে। ডিসেম্বরের শেষের দিকে প্রায় ৩০ হাজার একরে সাত হাজার মেট্রিক টন লবণ উৎপাদিত হবে। কক্সবাজার লবণ চাষি সংগ্রাম পরিষদের সভাপতি আনোয়ার পাশা চৌধুরী বলেন, লবণ উৎপাদনের মৌসুমে কতিপয় প্রভাবশালী ভারত ও মিয়ানমার থেকে লবণ নিয়ে এসে বাজার সয়লাব করছেন। ইতিমধ্যে দুই লাখ মেট্রিক টনের বেশি লবণ দেশে আনা হয়েছে। সরকারের উচিত, বিদেশি লবণ আনা বন্ধ করে চাষিদের মাঠে নামতে উৎসাহিত করা। ন্যায্যমূল্য নিশ্চিত করা গেলে চলতি ডিসেম্বর মাস থেকেই ৭০ হাজার একর জমিতে লবণ উৎপাদন সম্ভব হবে। তখন দেশের চাহিদা মিটিয়ে উৎপাদিত লবণ বিদেশে রপ্তানি সম্ভব।