কক্সবাজারে ৭১ জনের বিরুদ্ধে ১৩ পাহাড় কাটার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার শহরে পাহাড় কাটা বন্ধ করা যাচ্ছে না। প্রবল বর্ষণের সুযোগ নিয়ে একশ্রেণীর লোক পাহাড় কাটা অব্যাহত রেখেছেন। এতে পরিবেশ-প্রতিবেশের ভয়াবহ ক্ষতি হচ্ছে। পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, গত সাত দিন সরেজমিনে অনুসন্ধান করে পরিবেশ অধিদপ্তর শহরের ১৩টি পাহাড় কাটার সঙ্গে জড়িত ৭১ জনের নাম সংগ্রহ করেছে। পরিবেশ অধিদপ্তরের কক্সবাজারের সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, শহরের লাইট হাউসপাড়া, মহাজেরপাড়া, কলাতলী, পাহাড়তলী, ঘোনারপাড়া, আদর্শ গ্রাম, বৈদ্যঘোনা, সিটি কলেজ, সাহিত্যিকাপল্লি, হিলটপ সার্কিট হাউস, আবহাওয়া অধিদপ্তরের রাডার স্টেশনসহ ১৩টি পাহাড় কাটার সঙ্গে ৭১ ব্যক্তির জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। এসব পাহাড়ে গত কয়েক বছরে ৩০ হাজারের বেশি ঘরবাড়ি তৈরি করে ঝুঁকি নিয়ে বসবাস করছেন প্রায় তিন লাখ মানুষ। উঁচু পাহাড় কেটে ফেলার কারণে সমুদ্রসৈকত-সংলগ্ন হিলটপ সার্কিট হাউস, রাডার স্টেশন, লাইট হাউসসহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ একাধিক স্থাপনা প্রবল বর্ষণের সময় ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে। সরদার শরীফুল ইসলাম জানান, পাহাড় কাটার সঙ্গে জড়িত ৭১ জনের বিরুদ্ধে আগামী রোববার কক্সবাজার সদর মডেল থানায় পৃথকভাবে ১৪টি মামলা করা হবে। এরপর যৌথ অভিযান চালিয়ে পাহাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। পরিবেশ অধিদপ্তরের তালিকা অনুযায়ী, সম্প্রতি লাইট হাউস পাহাড় কেটে অবৈধ ঘরবাড়ি তৈরি করেছেন আবদুল কাইয়ুম, আবু তাহের, ইকবাল, রহিমা বেগমসহ ১০ জন। পাহাড়তলী এলাকায় পাহাড় কেটেছেন দিল মোহাম্মদ, মোহাম্মদ সোহেলসহ চারজন। একই এলাকার আরেকটি পাহাড় কেটেছেন নুর জাহান, রেজাউল করিমসহ ১০ জন। পিএমখালীতে পাহাড় কেটেছেন শফি উল্লাহ, মো. ইদ্রিসসহ সাতজন। পরিবেশ অধিদপ্তরের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, জেলায় বর্তমানে যেসব পাহাড় কাটা হচ্ছে তার ৯০ শতাংশ হচ্ছে জেলা প্রশাসনের অধীন খাসখতিয়ানভুক্ত ও বন বিভাগের জায়গা। এ কারণে পরিবেশ অধিদপ্তরের পক্ষে পাহাড় কাটা বন্ধ করা সম্ভব হচ্ছে না। কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী আবদুর রহমান বলেন, গত মঙ্গলবার রাত ১০টার সময় শহরের বাইপাস এলাকার পাহাড়ে অভিযান চালিয়ে একটি এক্সকাভেটর জব্দ করা হয়েছে। কয়েক দিন আগেও বাইপাস সড়কের উত্তরণ হাউজিং এলাকা থেকে আরেকটি এক্সকাভেটর জব্দ করা হয়েছিল। কিন্তু তার পরও পাহাড় কাটা বন্ধ করা যাচ্ছে না। তিনি বলেন, এখন পাহাড় কাটার সঙ্গে জড়িত ব্যক্তিদের তালিকা করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।