কক্সবাজারে ৮২ গ্রাম জোয়ারে প্লাবিত
অমাবস্যার প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠেছে। দুই দিন ধরে জোয়ারের পানিতে কক্সবাজারের ছয়টি উপজেলার ৮২ গ্রাম প্লাবিত হচ্ছে। টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপসহ বিভিন্ন উপকূলে বেড়িবাঁধে ভাঙন দেখা দিয়েছে।পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) স্থানীয় কার্যালয় সূত্রে জানা গেছে, শাহপরীর দ্বীপ রক্ষা বাঁধের মধ্যবর্তী পশ্চিমপাড়া এলাকায় ভাঙন দেখা দিয়েছে। গত দুই দিনে দুটি স্থানে অন্তত ১৭০ মিটার বাঁধ বিলীন হয়ে গেছে। জেলার টেকনাফ, সদর, মহেশখালী, কুতুবদিয়া, পেকুয়া ও চকরিয়া উপজেলার ৮২টি গ্রামের তিন লাখের বেশি মানুষের ঘরবাড়ি প্লাবিত হচ্ছে। এসব এলাকায় সাম্প্রতিক জলোচ্ছ্বাস ও বন্যার পানিতে প্রায় ৩৩ কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে যায়। এখন বাঁধের ভাঙা অংশ দিয়ে গ্রামগুলোতে জোয়ারের পানি ঢুকছে। পাউবো কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মো. মইনুদ্দীন গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, এই বর্ষা মৌসুমে ভাঙা বাঁধ মেরামত করা সম্ভব হবে না।টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুস সালাম বলেন, শাহপরীর দ্বীপের পশ্চিম অংশে প্রায় এক কিলোমিটার বেড়িবাঁধে নতুন করে ভাঙন দেখা দিয়েছে। এতে বাঁধসংলগ্ন আট গ্রামের ৪০ হাজারের বেশি মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে।মহেশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিক বলেন, জোয়ারের প্রভাবে উপজেলার মাতারবাড়ী, ধলঘাটা, হোয়ানকসহ বিভিন্ন ইউনিয়নের ২০টির বেশি গ্রাম প্লাবিত হচ্ছে। কুতুবদিয়া উপজেলার আলী আকবরডেইল, কৈয়ারবিল, উত্তর ধুরুং, লেমশিখালীসহ ছয়টি ইউনিয়নের ২৪টি গ্রাম প্লাবিত হচ্ছে বলে জানান উপজেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম নুরুল বশর চৌধুরী। এ ছাড়া চকরিয়া, পেকুয়া ও সদর উপজেলার ১৫টির বেশি গ্রাম জোয়ারের সময় প্লাবিত হচ্ছে।কক্সবাজার পৌরসভার ফদনারডেইল, নাজিরারটেক, নুনিয়াছটা, কলাতলী এলাকায় কয়েক শ ঘরবাড়ি জোয়ারের পানিতে প্লাবিত হচ্ছে। কক্সবাজার আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মো. শহীদুল ইসলাম বলেন, অমাবস্যার কারণে জোয়ারে সাগরের পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে দু-তিন ফুট বৃদ্ধি পেতে পারে। এতে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা আছে।