কক্সবাজারে ৯৭ কি.মি. বাঁধ বিলীন জোয়ার এলেই ১১৩ গ্রামে প্লাবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ষা মৌসুম শুরুর সঙ্গে সঙ্গে বঙ্গোপসাগরের আগ্রাসী রূপ কক্সবাজার উপকূলে বসবাসরত ১৫ লাখ মানুষকে ভাবিয়ে তুলেছে। কারণ জেলার উপকূলে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) প্রায় ৯৭ কিলোমিটার বেড়িবাঁধ এখনো অরক্ষিত অবস্থায় রয়েছে। ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে আরও ৩০০ কিলোমিটার বাঁধ। ভাঙা এসব বাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে জেলার বিভিন্ন উপজেলার কমপক্ষে ১১৩ গ্রাম প্লাবিত হচ্ছে।কক্সবাজার সদরের সমুদ্রতীরের গ্রাম কলাতলীর বৃদ্ধ আবদুল শুক্কুর বলেন, ৭০-৮০ বছরের মধ্যে সাগরের এমন আগ্রাসী রূপ দেখা যায়নি। ওই গ্রামের আরও কয়েকজন বাসিন্দা জানান, সাগরের আগ্রাসনে মেরিন ড্রাইভ সড়ক বিলীন হয়ে কলাতলী, বড়ছড়া, হিমছড়িসহ বেশ কয়েকটি গ্রাম তলিয়ে যাচ্ছে।কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম নুরুল বশর চৌধুরী জানান, গত কয়েক দিনের প্রবল বর্ষণ আর জোয়ারের পানিতে উপজেলার পাঁচটি ইউনিয়নের প্রায় ১৭ কিলোমিটার বেড়িবাঁধ সম্পূর্ণ বিলীন হয়ে গেছে। ভাঙা বাঁধ দিয়ে পানি ঢুকে উপজেলার ৪৫টি গ্রাম প্লাবিত হচ্ছে। বিলীন হয়ে গেছে দেড় শতাধিক বসতবাড়ি। জোয়ারের পানিতে ডুবে যায় দুই হাজার একরের চিংড়িঘের ও ফসলি জমি।কুতুবদিয়া বাঁচাও আন্দোলনের সভাপতি শাহরিয়ার চৌধুরী জানান, ভাঙা বাঁধ সংস্কার না হওয়ায় আলী আকবরডেইল এলাকায় ১২ কোটি টাকা ব্যয়ে স্থাপিত দেশের প্রথম বায়ুবিদ্যুৎ কেন্দ্রটিও সাগরে বিলীন হওয়ার পথে। জোয়ারে বায়ুবিদ্যুৎ কেন্দ্রটি প্লাবিত হয়, আবার ভাটায় জেগে ওঠে। পাউবো কুতুবদিয়া উপজেলার শাখা কর্মকর্তা আবদুস সাত্তার জানান, বাঁধ নির্মাণের জন্য ৩৯ কোটি টাকার তিনটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। কিন্তু বরাদ্দ না পাওয়ায় কাজ করা যাচ্ছে না। মহেশখালী উপজেলার ধলঘাটা ইউনিয়নের ময়নারটেক, বেগুনবনিয়া, সাপমারারডেইল, মুহুরীঘোনা, সুতুরিয়াবাজার, শরইতলীসহ ১০টির বেশি গ্রামের পাশে প্রায় ১৬ কিলোমিটার বাঁধ বহু আগেই বিলীন হয়ে গেছে। এতে দ্বীপ ইউনিয়ন ধলঘাটার প্রায় ৪০ হাজার মানুষের চোখে ঘুম হারাম হয়ে গেছে। ধলঘাটার ইউপি চেয়ারম্যান মকবুল আহমদ জানান, এই ইউনিয়নে পাউবোর ৩২ কিলোমিটার বাঁধের মধ্যে ১৬ কিলোমিটার কয়েক বছর ধরে নেই।কক্সবাজার সদর উপজেলার ১৫টি গ্রামের পাশে প্রায় সাত কিলোমিটার বাঁধ ভাঙা। স্থানীয় এক ইউপি চেয়ারম্যান জানান, ভাঙা বাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে শত শত ঘরবাড়ি প্লাবিত হচ্ছে। তিন বছর ধরে এসব বাঁধ মেরামত করা যাচ্ছে না। এ ছাড়া সদর উপজেলার চৌফলদণ্ডি, গোমাতলী, পোকখালী ইউনিয়নে ১০ কিলোমিটারের মতো বাঁধ বিলীন হয়ে ২০টির বেশি গ্রাম প্লাবিত হচ্ছে।সদর উপজেলার ঝিলংজা ইউপির চেয়ারম্যান মুজিবুর রহমান জানান, শহরের কলাতলী গ্রামটি অরক্ষিত হয়ে পড়ছে। শহররক্ষা বাঁধ না থাকায় উপকূলের নাজিরারটেক, নুনিয়াছটা, সমিতিপাড়া, কুতুবদিয়াপাড়া, খরুলিয়া, বড়বাজারসহ কমপক্ষে ১৩টি গ্রামের দেড় লাখ মানুষ ঝুঁকির মধ্যে রয়েছে।টেকনাফ উপজেলার হোয়াইক্যং, নয়াবাজার, কাঞ্জরপাড়া, ঝিমংখালী, খারাংখালী, চৌধুরীপাড়া, সাবরাং, জালিয়াপাড়া, শাহপরীর দ্বীপ এলাকায় প্রায় ২০ কিলোমিটার এলাকায় বাঁধ না থাকায় ৩০টির বেশি গ্রাম প্লাবিত হচ্ছে। পাউবো কক্সবাজার কার্যালয় সূত্র জানায়, জেলার আটটি উপজেলায় ২৫টি পোল্ডারের আওতায় ৫৯৫ কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। এর মধ্যে সম্পূর্ণ বিলীন অবস্থায় রয়েছে প্রায় ৯৭ কিলোমিটার বাঁধ। এসব ভাঙা বাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে প্লাবিত হচ্ছে ১১৩টি গ্রাম। ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে আরও ৩০০ কিলোমিটার বাঁধ। এতে ঝুঁকির মুখে পড়েছে উপকূলের প্রায় ১৫ লাখ মানুষের জীবন-জীবিকা।পাউবো কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী আবদুল মান্নান খান বলেন, এসব বাঁধ মেরামত করতে ৫০০ কোটি টাকার প্রয়োজন। কিন্তু চলতি বছর বরাদ্দ পাওয়া গেছে মাত্র তিন কোটি টাকা। ওই টাকায় অতি জরুরি ভাঙন ঠেকানোর কাজ চলছে। অবশিষ্ট বাঁধ কখন মেরামত সম্ভব, বলা যাচ্ছে না।