
কক্সবাজার শহরের প্রধান সড়কে গতকাল শনিবার সকালে লাঠি মিছিল করে প্রীতিলতা ব্রিগেড। ‘তনুদের লাঠি মিছিল’ স্লোগানে ছাত্র ইউনিয়নের নারী নিপীড়নবিরোধী সেল ‘প্রীতিলতা ব্রিগেড’ এ মিছিলের আয়োজন করে। এতে শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
মিছিলটি শহরের বিভিন্ন এলাকা ঘুরে পৌরসভা কার্যালয় চত্বরে পথসমাবেশ করে। ব্রিগেডের সমন্বয়ক শাহানা মজুমদারের সভাপতিত্বে বক্তব্য দেন কক্সবাজার জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি সৌরভ দেব, সাধারণ সম্পাদক অন্তিক চক্রবর্তী, ফাল্গুনী দাশ, পাভেল দাশ, তনয় দাশ, তাসকিয়া শারমিন, শ্রীপর্ণা বড়ুয়া, চৈতি শর্মা, আরিফুল ইসলাম হাসান, যুবরাজ চৌধুরী প্রমুখ।
সভায় সৌরভ দেব অভিযোগ করেন, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান (তনু) ধর্ষণ ও হত্যার ঘটনায় সরকার এখনো নির্লিপ্ত। দ্রুত এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও খুনিদের গ্রেপ্তারের দাবি জানান তিনি।