কক্সবাজারেই লবণ উন্নয়ন বোর্ড হবে: তোফায়েল
কক্সবাজারের লাখো লবণচাষির ভাগ্যোন্নয়নে ‘লবণ উন্নয়ন বোর্ড’ গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। আজ মঙ্গলবার বিকেলে শহরের শহীদ দৌলত ময়দানে (পাবলিক হলে) অনুষ্ঠিত লবণচাষি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন তিনি।
তোফায়েল আহমদ বলেন, দেশের মোট উৎপাদনের ৯৫ শতাংশ লবণ কক্সবাজারেই উৎপাদিত হচ্ছে। শিল্পমন্ত্রীর সঙ্গে কথা বলে কক্সবাজারেই একটি লবণ উন্নয়ন বোর্ড গঠনের ব্যবস্থা নেওয়া হবে। এখানে বোর্ডের কেন্দ্রবিন্দু হলে চাষিরা সরাসরি বোর্ড থেকে সুযোগ-সুবিধা নিতে পারবেন। এতে লবণশিল্পের প্রসার ঘটবে।
মন্ত্রী বলেছেন, এখানে বোর্ড হলে লবণের যেকোনো বিষয়ে বোর্ডের কর্মকর্তারা সরাসরি মাঠে গিয়ে চাষিদের কথা জানতে পারবেন। তবে বোর্ড ঢাকায় হলে মাফিয়া চক্রের হাতে পড়বে। তখন ওই বোর্ড লবণের কল্যাণে আসবে না।
আজ দুপুর থেকে টেকনাফ, মহেশখালী, পেকুয়া, চকরিয়া ও কুতুবদিয়া উপজেলা থেকে শত শত প্রান্তিক চাষি শহীদ দৌলত ময়দানে জড়ো হতে থাকেন। বেলা তিনটায় ‘লবণচাষি সমাবেশ’ শুরু হয়। চাষিদের দাবি ছিল, লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করতে কক্সবাজারে লবণ উন্নয়ন বোর্ড গঠন, বিদেশ থেকে লবণ আমদানি বন্ধ ও সহজ শর্তে চাষিদের ব্যাংক ঋণের ব্যবস্থা।
জেলা আওয়ামী লীগের সভাপতি ও মহেশখালীর লবণচাষি সিরাজুল মোস্তফার সভাপতিত্বে এ সমাবেশে কক্সবাজার জেলা লবণ চাষি সমিতির সভাপতি আনোয়ার পাশা চৌধুরী বলেন, চলতি মৌসুমে জেলার ৭টি উপজেলায় ৬০ হাজার ২০০ একর জমিতে লবণ উৎপাদিত হচ্ছে। মৌসুম শুরুর সোয়া ২ মাসে প্রায় ৯ লাখ মেট্রিকটন লবণ উৎপাদিত হয়েছে। ৩০ এপ্রিল পর্যন্ত মৌসুমের অবশিষ্ট সময়ে আরও ১২ লাখ মেট্রিকটন লবণ উৎপাদন সম্ভব। কারণ এবার পলিথিন প্রযুক্তিতে লবণ উৎপাদন ৫০ শতাংশ বেড়েছে। কিন্তু দেশের লবণের বার্ষিক চাহিদা আছে প্রায় ১৮ লাখ মেট্রিকটন। তারপরও একটি চক্র বিদেশ থেকে লবণ আমদানি করে দেশের লবণশিল্পকে ধ্বংস করার চক্রান্ত চালাচ্ছে। ব্যাপারে তিনি বাণিজ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
টেকনাফ উপজেলা লবণচাষি কল্যাণ সমবায় সমিতির সভাপতি শফিক মিয়া বলেন, লবণ আমদানির গুজব ছড়িয়ে পড়লে মাঠে লবণের দাম কমে যায়। এতে চাষিরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হন। গত মৌসুমে প্রতি মণ লবণ ৫৩০ টাকা পর্যন্ত বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে সর্বোচ্চ ২৫০ টাকায়। তিনি লবণকে শিল্পপণ্য ঘোষণার দাবি জানান।
এসব দাবির জবাবে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, সংকট ছিল বলে গত মৌসুমে দুই দফায় আড়াই লাখ মেট্রিক টন লবণ আমদানি করতে হয়েছে। এবার বিবেচনা করা হবে। চলতি মৌসুমে কক্সবাজারে লক্ষ্যমাত্রার অতিরিক্ত লবণ উৎপাদন হলে আমদানির প্রয়োজন পড়বে না। তা ছাড়া প্রধানমন্ত্রীর নির্দেশ রয়েছে, লবণচাষিদের সুবিধা-অসুবিধা দেখেই সিদ্ধান্ত নেওয়ার।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন কক্সবাজার জেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, কক্সবাজার-৩ আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল প্রমুখ।