কক্সবাজারের উদ্দেশে জাগরণ যাত্রা ১৮ নারী কমরেডের
নারীমুক্তির বার্তা নিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) উদ্যোগে গতকাল বৃহস্পতিবার জাগরণ যাত্রা করেছেন ১৮ জন নারী কমরেড। যাত্রাপথের বিভিন্ন স্থানে সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে এই যাত্রীদল। কাল শনিবার কক্সবাজারে পৌঁছে তাঁদের যাত্রা শেষ হবে। গতকাল রাজধানীর মুক্তাঙ্গনে বেলুন ও পায়রা উড়িয়ে জাগরণ যাত্রার উদ্বোধন করেন টঙ্ক আন্দোলনের নেত্রী কুমুদিনী হাজং। এ সময় তিনি বলেন, প্রচলিত পুঁজিবাদী সমাজ পুরুষতান্ত্রিক। এখানে নারীর কোনো মর্যাদা নেই। পুঁজিবাদী ব্যবস্থায় নারীমুক্তি সম্ভব নয়। অনুষ্ঠানে বক্তব্য দেন সিপিবির প্রেসিডিয়াম সদস্য লক্ষ্মী চক্রবর্তী, এ এন রাশেদা, রুহিন হোসেন প্রিন্স প্রমুখ। উপস্থিত ছিলেন সিপিবির সভাপতি মনজুরুল আহসান খান ও সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম।লক্ষ্মী চক্রবর্তীর নেতৃত্বে ১৮ জন নারী জাগরণ যাত্রায় অংশ নিচ্ছেন। গতকাল নারায়ণগঞ্জ, চান্দিনা, ফেনীতে জনসভা এবং কয়েকটি স্থানে সমাবেশ করেন কমরেডরা। বিজ্ঞপ্তি।