কক্সবাজারের উন্নয়নে সরকার আন্তরিক: মেনন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, কক্সবাজারের উন্নয়নে সরকার খুবই আন্তরিক। কক্সবাজারের বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের করে তোলার পাশাপাশি টেকনাফের সাবরাং সৈকতে বিদেশি পর্যটকের জন্য ‘বিশেষ পর্যটন পল্লি’ তৈরির কাজ চলছে।
গতকাল সোমবার কক্সবাজার বিমানবন্দরে সংক্ষিপ্ত আলোচনা সভায় মন্ত্রী এ কথা বলেন। এর আগে তিনি কেক কেটে বাংলাদেশ বিমানের আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধন করেন।
প্রায় তিন বছর বন্ধ থাকার পর গতকাল থেকে কক্সবাজার-ঢাকা রুটে বাংলাদেশ বিমানের ফ্লাইট চালু হয়েছে। গতকাল দুপুর ১২টায় বাংলাদেশ বিমানের ফ্লাইটে করে কক্সবাজার বিমানবন্দরে নামেন মন্ত্রী।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কক্সবাজারের সাংসদ আবদুর রহমান বদি, আশেক উল্লাহ রফিক ও সাইমুম সরওয়ার কমল; বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব খোরশেদ আলম চৌধুরী; বাংলাদেশ বিমানের পরিচালক মোসাদ্দেক হোসেন; কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক মোস্তাক আহমদ চৌধুরী; কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন; পুলিশ সুপার শ্যামল কুমার নাথ, জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) এ কে আহমদ হোসেন।
সূত্র জানায়, কক্সবাজার-ঢাকা-কক্সবাজার রুটে সপ্তাহে ছয় দিন (মঙ্গলবার ছাড়া) চলাচল করবে বাংলাদেশ বিমানের ৭৪ আসনের উড়োজাহাজ। গতকাল ৭৪ জন যাত্রী নিয়ে বিমানটি কক্সবাজার আসে। বেলা দেড়টার দিকে মন্ত্রীসহ অন্য যাত্রীদের নিয়ে বিমানটি ঢাকায় ফিরে যায়।
কক্সবাজার বিমানবন্দরে সাংবাদিক নাজেহাল
কক্সবাজার বিমানবন্দরে গতকাল সোমবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেননের সামনে গণমাধ্যমকর্মীদের নাজেহাল করেছেন বিমানবন্দরের ব্যবস্থাপক হাসান জহির।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের বলেন, বাংলাদেশ বিমানের ‘কক্সবাজার কাউন্টার’-এর উদ্বোধন শেষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন মন্ত্রী।
এ সময় কয়েকজন সাংবাদিক মন্ত্রীকে বলেন, কক্সবাজার বিমানবন্দর দিয়ে ইয়াবা চোরাচালান আশঙ্কাজনক হারে বেড়েছে। রানওয়েতে দিনের বেলায় কুকুর ও গরু-ছাগল বিচরণ করে। সাংবাদিকেরা মন্ত্রীর কাছে জানতে চান, বিমানবন্দরের নিরাপত্তায় করণীয় কিছু আছে কি না? মন্ত্রী এই প্রশ্নের জবাব দেওয়ার আগেই বিমানবন্দরের ব্যবস্থাপক হাসান জহির পেছন থেকে সাংবাদিকদের ধাক্কা মেরে সামনে চলে আসেন। এ সময় তিনি সাংবাদিকদের পাল্টা প্রশ্ন করেন, ‘আপনারা নিউজ করতে এসেছেন, নাকি আমার বিরুদ্ধে নালিশ করতে এসেছেন?’ একপর্যায়ে তিনি একজন সাংবাদিককে লাঞ্ছিত করেন এবং হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এ সময় তিনি গণমাধ্যমকর্মীদের গালিগালাজ করে বিমানবন্দর ত্যাগ করতে বলেন।
আবু তাহের বলেন, এ ঘটনায় ক্ষুব্ধ মন্ত্রী রাশেদ খান মেনন বিমানবন্দরের ব্যবস্থাপকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
বিমানবন্দরের ব্যবস্থাপক হাসান জহির প্রথম আলোকে বলেন, ‘ইয়াবা চোরাচালান বন্ধসহ বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আমরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। কিছু কথাবার্তা নিয়ে সাংবাদিকদের সঙ্গে ভুল-বোঝাবুঝি হয়েছে।’