কক্সবাজারের উন্নয়নে বাজেটে দুই হাজার কোটি টাকা দাবি
দেশের পর্যটন রাজধানী কক্সবাজারের সার্বিক উন্নয়নে আসন্ন জাতীয় বাজেটে দুই হাজার কোটি টাকা বরাদ্দের দাবি জানানো হয়েছে। কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে গতকাল শনিবার আয়োজিত এক গোলটেবিল বৈঠকে বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিরা গতকাল শনিবার এই দাবি জানান।পরিবেশবাদী সংগঠন কক্সবাজার বাঁচাও আন্দোলনের আয়োজনে ‘কক্সবাজারের সার্বিক উন্নয়নে জাতীয় বাজেটে অতিরিক্ত বরাদ্দ দাবি’ শীর্ষক ওই গোলটেবিল বৈঠক গতকাল বেলা ১১টায় শুরু হয়। গবেষক মোশতাক আহমদ বৈঠকে বলেন, বিশ্বের দীর্ঘতম সৈকতের শহর কক্সবাজার থেকে সরকার প্রতিবছর তিন থেকে চার হাজার কোটি টাকা রাজস্ব আয় করে। অথচ সে তুলনায় কক্সবাজারের উন্নয়নে বরাদ্দ অপ্রতুল। আসন্ন জাতীয় বাজেটে চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত ১২৮ কিলোমিটার রেললাইন সম্প্রসারণ, সোনাদিয়ায় গভীর সমুদ্রবন্দর এবং আনোয়ারা থেকে কক্সবাজার পর্যন্ত ৮৪ কিলোমিটারের উপকূলীয় সড়ক নির্মাণ, কক্সবাজার বিমানবন্দরের উন্নয়ন, কক্সবাজার মেডিকেল কলেজের অবকাঠামো নির্মাণ, আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ, বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র স্থাপনসহ পর্যটনশিল্পের উন্নয়নে প্রায় দুই হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া প্রয়োজন। কক্সবাজার পর্যন্ত রেললাইন, বাঁকখালী নদী খনন, মিয়ানমার হয়ে চীন পর্যন্ত এশিয়ান হাইওয়ে নির্মাণসহ নানা পরিকল্পনা বাস্তবায়নে সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ দেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন ঢাকার কক্সবাজার সমিতির সভাপতি আনছারুল করিম। তিনি শহরের পাহাড় ও বনজ সম্পদ রক্ষা করা এবং ভূগর্ভস্থ পানীয়জলের সংকট নিরসনের ওপর গুরুত্ব দেন। ব্যবসায়ী আতিকুল ইসলাম বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে কক্সবাজার উপকূলে ইতিমধ্যে প্রায় তিন লাখ মানুষ উদ্বাস্তু হয়েছে। তাদের পুনর্বাসনের জন্য জলবায়ু তহবিল সংগ্রহ করা হলেও ওই টাকা খরচ করা হচ্ছে চট্টগ্রামের রাঙ্গুনিয়া, হাটহাজারী ও পার্বত্য রাঙামাটিতে। অথচ সেখানে জলবায়ু পরিবর্তনের তেমন প্রভাব পড়েনি। কক্সবাজারের সাতটি উপজেলায় ৪৫০ কিলোমিটারের বেশি বেড়িবাঁধ বর্তমানে ভগ্নদশায় পড়ে আছে। এ কারণে উপকূলের প্রায় ১৫ লাখ মানুষ ঝুঁকির মধ্যে বসবাস করছে। এই বেড়িবাঁধ মেরামতের জন্য সরকারি বরাদ্দ দরকার। কক্সবাজার হোটেল মোটেল গেস্টহাউস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম সিকদার বলেন, রোহিঙ্গাদের একটি নির্দিষ্ট জায়গায় রাখা ও ফেরত পাঠানোর জন্য বাজেট প্রয়োজন। লবণচাষিদের জন্য সুদমুক্ত ব্যাংকঋণের ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন জেলা লবণ মিল মালিক সমিতির সভাপতি মো. রইচ উদ্দিন। তিনি অভিযোগ করেন, কক্সবাজারে উৎপাদিত প্রায় ১৪ লাখ মেট্রিক টন লবণ দিয়ে সারা দেশের জাতীয় চাহিদা পূরণ করা হলেও জেলার ৫৫ হাজার চাষি নায্যমূল্য পাচ্ছেন না।কক্সবাজারে আন্তর্জাতিকমানের একটি ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ ও জেলা স্টেডিয়াম সংস্কারের দাবি জানান জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জসিম উদ্দিন। কক্সবাজার বাঁচাও আন্দোলনের সভাপতি আবু মোর্শেদ চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আয়াছুর রহমানের সঞ্চালনায় ওই বৈঠকে বক্তব্য দেন চকরিয়া ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম ও সলিমুল্লাহ বাহাদুর, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমির আবদুল্লাহ, সহকারী পুলিশ সুপার (এএসপি) তোফায়েল আহমদ, কক্সবাজার বণিক সমিতির সভাপতি সালামত উল্লাহ খান, প্রকৌশলী কানন পাল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মুহামঞ্চদ শাহজাহান, কক্সবাজার এনজিও নেটওয়ার্কের সভাপতি বিমল দাশ, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের, কক্সবাজার দোকান মালিক সমিতির সভাপতি মোস্তাক আহমদ, বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি জেলা শাখার সাধারণ সম্পাদক হুসাইনুল ইসলাম, জেলা মৎস্য ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি জয়নাল আবেদীন, শ্রিম্প হ্যাচারি অ্যাসোসিয়েশনের (সেব) যুগ্ম মহাসচিব নজিবুল ইসলাম প্রমুখ।