কক্সবাজারের উন্নয়নে ২৫ হাজার কোটি টাকা বরাদ্দের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকতের শহর কক্সবাজার পর্যন্ত রেল ও গ্যাস লাইন সম্প্রসারণসহ জেলার সার্বিক উন্নয়নে আসন্ন জাতীয় বাজেটে ২৫ হাজার কোটি টাকা বরাদ্দের দাবি জানিয়েছেন বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিরা। ২৪ মে বিকেলে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত ভয়েস ম্যারিনা প্রাক-বাজেট সংলাপে এই দাবি করেন তাঁরা।
শুরুতে মাল্টিমিডিয়া ওয়েব পোর্টাল ভয়েস ম্যারিনার ব্যবস্থাপনা পরিচালক আবু মোর্শেদ চৌধুরী চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত রেল ও গ্যাসলাইন সম্প্রসারণ, শহরের বাঁকখালী নদী খনন, পর্যটনশিল্পের উন্নয়ন, লবণশিল্পের নীতিমালা, স্বাস্থ্য ও পরিবেশ সংরক্ষণসহ ১১টি বিষয়ে চিত্র তুলে ধরেন। এ সময় তিনি জেলার সার্বিক উন্নয়নে আসন্ন জাতীয় বাজেটে ২৫ হাজার কোটি টাকা বরাদ্দের সুপারিশ করেন। তাঁর এই সুপারিশে সমর্থন দেন অন্য বক্তারা।
আলোচনায় অংশ নেন সাংসদ আশেক উল্লাহ, সাইমুম সরওয়ার, খোরশেদ আরা হক, শিক্ষাবিদ মোস্তাক আহমদ, সুজনের জেলা সভাপতি আবদুল বারী, পৌরসভার মেয়র সারওয়ার কামাল, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান জি এম রহিমুল্লাহ, রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান আহমেদুল হক চৌধুরী, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, কক্সবাজার সিভিল সোসাইটির সাধারণ সম্পাদক ফজলুল কাদের চৌধুরী, কক্সবাজার বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক আয়াছুর রহমান, ইসলামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল কাদের, নারীনেত্রী নাজনীন সরওয়ার, অধ্যাপক দিলওয়ার চৌধুরী, প্রকৌশলী বদিউল আলম, সাংবাদিক তোফায়েল আহমেদ, কবি শামীম আক্তার, হোটেল মালিক মিজানুর রহমান প্রমুখ।
সাংসদ সাইমুম সরওয়ার বলেন, ‘কোরিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া পর্যটনশিল্পকে লালন করে উন্নতির শিখরে পৌঁছেছে। অথচ আমরা কক্সবাজারের অপার সম্ভাবনাকে কাজে লাগাতে পারছি না।’ সাংসদ আশেক উল্লাহ বলেন, ‘সবুজ বন-প্যারাবন আমরাই উজাড় করছি এবং নিজেদের প্রাকৃতিক দুর্যোগের মুখে ঠেলে দিচ্ছি।’