কক্সবাজারের চারটি ইটভাটাকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা চারটি ইটভাটাকে ৯ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল বুধবার বিকেলে এ জরিমানা করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মকবুল হোসেন। তাঁর সঙ্গে ছিলেন পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম।
জরিমানা করা ইটভাটাগুলোর মধ্যে হাজি আনু মিয়া সিকদারের মালিকানাধীন মেসার্স আর কে সি ব্রিকফিল্ডকে তিন লাখ টাকা, আবুল কাশেমের মালিকানাধীন মেসার্স এম অ্যান্ড কে ব্রিকফিল্ডকে ২ লাখ ৪০ হাজার টাকা, মো. জসিম উদ্দিন হেলালীর মালিকানাধীন মেসার্স টি কে ব্রিকফিল্ডকে দুই লাখ টাকা এবং মো. জাফর উল্লাহ ফরাজীর মালিকানাধীন মেসার্স জেড এম বি ব্রিকফিল্ডকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, জরিমানার টাকা আগামী এক সপ্তাহের মধ্যে জমা দিতে চারটি ইটভাটার মালিককে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, জেলার আটটি উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হবে।