কক্সবাজারের চারটি ও মাগুরা পৌরসভা নির্বাচন স্থগিতের আদেশ স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চারটি পৌরসভার নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশের কার্যকারিতা ছয় সপ্তাহের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগ। এ ছাড়া মাগুরা পৌরসভার নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশের কার্যকারিতাও স্থগিত করা হয়েছে। গতকাল রোববার আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি এস কে সিনহা এ আদেশ দেন।কক্সবাজারের ভোটার তালিকা নিয়ে জেলা সদরের ভোটার কার্ত্তিক দাসের করা রিটের পরিপ্রেক্ষিতে ১৫ ডিসেম্বর হাইকোর্টের একটি বেঞ্চ কক্সবাজার সদর, টেকনাফ, চকরিয়া ও মহেশখালী পৌরসভার নির্বাচন এক মাসের জন্য স্থগিত করেন। এই আদেশের ওপর স্থগিতাদেশ চেয়ে সরকারপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল চেম্বার বিচারপতি এ আদেশ দেন। তফসিল অনুযায়ী আগামী ১৮ জানুয়ারি এ চার পৌরসভায় ভোট গ্রহণের দিন ধার্য রয়েছে।অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান বলেন, ‘কক্সবাজারের চারটি পৌরসভার নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশের ওপর স্থগিতাদেশ চেয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে আবেদন করা হয়। চেম্বার বিচারপতি হাইকোর্টের আদেশের কার্যকারিতা স্থগিত করেছেন।’জানা যায়, মাগুরা পৌর এলাকার সীমানা পুনর্নির্ধারণ নিয়ে মুক্তার হোসেনের করা রিটের পরিপ্রেক্ষিতে ১৪ ডিসেম্বর হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ মাগুরা পৌরসভার নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করেন। ১৩ জানুয়ারি সেখানে ভোট গ্রহণের দিন ধার্য রয়েছে। সহকারী অ্যাটর্নি জেনারেল একরামুল হক বলেন, হাইকোর্টের আদেশ চেম্বার বিচারপতি স্থগিত করেছেন। তাই এ নির্বাচন অনুষ্ঠানে আইনগত বাধা নেই।