
পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জানিয়েছেন, কক্সবাজার জেলার মোট জনগোষ্ঠীর শতকরা ২০ থেকে ২৫ ভাগই অবৈধ। তারা মিয়ানমারের রাখাইন প্রদেশের মুসলিম জনগোষ্ঠী। এই বিপুলসংখ্যক জনগোষ্ঠী ভবিষ্যতে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সরকারি দলের ইসরাফিল আলমের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। প্রসঙ্গত, মিয়ানমারের রাখাইন প্রদেশের মুসলিম জনগোষ্ঠী রোহিঙ্গা হিসেবে পরিচিত। এ ছাড়া আজ সংসদে প্রশ্নোত্তর পর্বে বঙ্গবন্ধুর খুনিদের সম্পত্তি জব্দ, জঙ্গিবাদ, পুলিশের প্রসঙ্গ আসে।
ইসরাফিল আলমের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশে বর্তমানে নিবন্ধিত ৩৩ হাজার রোহিঙ্গা আছে। আর সাড়ে তিন থেকে চার লাখ অনিবন্ধিত রোহিঙ্গা কক্সবাজারসহ পাঁচটি জেলায় অবস্থান করছে। গত বছরের অক্টোবরে মিয়ানমার সীমান্ত ফাঁড়িতে হামলা ও তারপর সামরিক অভিযানে রাখাইন রাজ্যের মুসলিম জনগোষ্ঠী ব্যাপক নির্যাতনের শিকার হয়। এতে প্রায় ৭৫ হাজার মিয়ানমার নাগরিক বাংলাদেশে প্রবেশ করেছে।
মন্ত্রী বলেন, মিয়ানমারের নাগরিকদের দ্বারা বাংলাদেশ প্রতিনিয়ত নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছে। তারা বিভিন্ন প্রকার অবৈধ কর্মকাণ্ডে জড়িয়ে আইনশৃঙ্খলার অবনতি ঘটাচ্ছে। তারা রাজনৈতিক স্থিতিশীলতা, সামাজিক ভারসাম্য, শ্রমবাজার ও কর্মসংস্থানে নেতিবাচক প্রভাব ফেলছে। রাখাইন জনগোষ্ঠী সীমান্তে মাদকদ্রব্য পাচার, অস্ত্র ও মানব পাচার, চোরাচালান, সীমান্ত মাদক উৎপাদনসহ বিভিন্ন অসামাজিক কাজে লিপ্ত রয়েছে। সীমান্ত এলাকায় অপরাধী চক্র তৈরি করে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা, জাতিগত নিরাপত্তা, জাতিগত পরিচয় ও আর্থসামাজিক স্থিতিশীলতার মারাত্মক ব্যত্যয় ঘটাচ্ছে।
সরকারি দলের শফিকুল ইসলামের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানান, জাতির পিতা বঙ্গবন্ধু হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত খুনিদের স্থাবর সম্পত্তি ও ব্যাংক হিসাব জব্দে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যুক্তরাষ্ট্র ও কানাডায় পলাতক খুনিদের দেশে ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে দুই দেশে ল ফার্ম নিয়োগ করা হয়েছে। এ ছাড়া ইন্টারপোলের মাধ্যমে বিশ্বের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিমানবন্দরে সাজাপ্রাপ্ত খুনিদের ছবিসংবলিত তথ্য প্রেরণ করে খুনিদের অবস্থান চিহ্নিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
সংরক্ষিত আসনের সফুরা বেগমের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সরকারের গৃহীত পদক্ষেপের ফলে বাংলাদেশে জঙ্গিবাদ নিয়ন্ত্রণে আছে এবং সমাজজীবনের সর্বক্ষেত্রে শান্তিশৃঙ্খলা ও স্থিতিশীলতা বিরাজ করছে। জঙ্গি ও সন্ত্রাসী কার্যকলাপ দমনে কার্যক্রম অব্যাহত থাকবে।
সংরক্ষিত আসনের বেগম পিনু খানের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ২০০৯ সাল থেকে এ পর্যন্ত দায়িত্ব পালন অবস্থায় পুলিশ বাহিনীর ৬৪৯ জন সদস্য নিহত ও ৩ হাজার ৯৬৮ জন আহত হয়েছেন।
সংরক্ষিত আসনের দিলারা বেগমের প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান বলেন, বর্তমানে ছয়টি দেশে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে পুলিশ সদস্যরা কর্মরত রয়েছেন। জাতিসংঘ মিশনে পুলিশ প্রেরণে বাংলাদেশের অবস্থান বিশ্বে তৃতীয়।
পিনু খানের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জানান, বাংলাদেশ বর্তমানে কোনো সামরিক জোটের অন্তর্ভুক্ত নয়।
সরকারি দলের সামশুল হক চৌধুরীর প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী জানান, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বর্তমানে ১১টি দেশে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ৫ হাজার ৯১২ জন সদস্য কর্মরত রয়েছেন।