কক্সবাজারের জিলানজা বন রক্ষণাবেক্ষণে ব্যবস্থা নিতে নির্দেশ
কক্সবাজারের জিলানজা মৌজার সংরক্ষিত বন ও প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা রক্ষণাবেক্ষণে পরিবেশ সংরক্ষণ ও বন আইন অনুযায়ী ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল বুধবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দচন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।আদালত সূত্রে জানা গেছে, ১৯৩৫ সালের ১১ জুন জিলানজা মৌজার ১২৪ একরেরও বেশি জায়গাকে সংরক্ষিত বন হিসেবে এবং ১৯৯৯ সালের ১৯ এপ্রিল তা প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা হিসেবে চিহ্নিত করা হয়। পরে ওই এলাকার ৫১ একর জায়গা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসন প্রকল্পের জন্য বরাদ্দ দেওয়া হয়। ওই আবাসন প্রকল্পের নামে অবৈধভাবে পাহাড় কাটা ও বনভূমি উজাড়ের বৈধতা চ্যালেঞ্জ করে ২০০৬ সালে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) রিট আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে আদালত রুল জারি করেন। রুলের চূড়ান্ত শুনানি শেষে গতকাল আদালত ওই রায় দেন।আদালতে আবেদনকারীর পক্ষে আইনজীবী ইকবাল কবির এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন মামলা পরিচালনা করেন।