কক্সবাজারের জেলা প্রশাসককে ভর্ৎসনা করলেন আদালত
আদালতের নির্দেশ উপেক্ষা করায় সোয়া তিন ঘণ্টা কাঠগড়ায় ঠায় দাঁড়িয়ে থাকতে হয় কক্সবাজারের জেলা প্রশাসক গিয়াসউদ্দিন আহমেদকে। গতকাল রোববার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি মো. দেলোয়ার হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ ঘটনা ঘটে। আদালত তাঁকে তীব্র ভাষায় তিরস্কারও করেন।জানা যায়, স্থানীয় যাত্রী অধিকার সংরক্ষণ কমিটির আহ্বায়ক ও পৌর আওয়ামী লীগের সভাপতি মকছুদ মিয়ার রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১১ এপ্রিল হাইকোর্ট মহেশখালী-কক্সবাজার রুটে বাকখালী নদীর ফেরিঘাটের ইজারা দেওয়ার জন্য সীমানা ও ভাড়া নির্ধারণ করে পুনঃদরপত্র আহ্বান করতে নির্দেশ দেন। তা না করে ১৩ এপ্রিল জেলা প্রশাসন আগের টেন্ডার বহাল রাখেন এবং সংশ্লিষ্ট ব্যক্তিকে কাজ দেন। এ ছাড়া রিট আবেদনকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্যও জেলা প্রশাসক পুলিশ সুপারকে বলেন। ২০ এপ্রিল মকছুদ মিয়া হাইকোর্টে আদালত অবমাননার অভিযোগ করলে হাইকোর্ট রুল জারি করেন এবং গিয়াসউদ্দিন আহমেদকে ২ মে হাজির হওয়ার নির্দেশ দেন।