কক্সবাজারের তিন শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চকরিয়া পৌরসভার লক্ষ্যারচর চরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আসা–যাওয়ার পথে পানি। পানি মাড়িয়ে গত বৃহস্পতিবার কিছু শিক্ষার্থী বিদ্যালয়ে এলেও ক্লাস হয়নি। ছবিটি দুপুরে তোলা l প্রথম আলো
চকরিয়া পৌরসভার লক্ষ্যারচর চরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আসা–যাওয়ার পথে পানি। পানি মাড়িয়ে গত বৃহস্পতিবার কিছু শিক্ষার্থী বিদ্যালয়ে এলেও ক্লাস হয়নি। ছবিটি দুপুরে তোলা l প্রথম আলো

বিদ্যালয়ের আসা-যাওয়ার পথে হাঁটুপানি। মাঠও পানিতে থই থই। দোতলা ভবনের নিচতলার সামনে গোড়ালি পর্যন্ত পানি। সেখানে বাঁধা আছে গৃহপালিত পশু। ভবনের দ্বিতীয় তলার সাতটি কক্ষের মধ্যে দুটিতে আশ্রয় নিয়েছে দুর্গত মানুষ। বাকি পাঁচটি কক্ষের মধ্যে একটিতে ২০ জনের মতো শিক্ষার্থী আছে। তবে পাঠদান হচ্ছে না। অন্য কক্ষগুলো খালি।

এ চিত্র কক্সবাজারের চকরিয়া পৌরসভার লক্ষ্যারচর চরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। গত বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ে গিয়ে এ অবস্থা দেখা যায়।

প্রধান শিক্ষক নিলুফার আকতার প্রথম আলোকে বলেন, বন্যার কারণে শ্রেণি কার্যক্রম বন্ধ। এরপরও ৪৯৬ জন শিক্ষার্থীর মধ্যে ২০-৩০ জন বিদ্যালয়ে আসছে। শিক্ষকেরা নৌকায় করে এসেছেন। এলাকার অনেক পরিবার বিদ্যালয়ে আশ্রয় নিয়েছে। অনেকে গরু, ছাগল এনে রেখেছেন।

গতকাল শুক্রবার সকালে আবার এই বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, বন্যার পানি সরেনি। যাতায়াতের রাস্তাটিও ডুবে আছে।

টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও ঢলের পানি ঢুকেছে কক্সবাজারের তিন উপজেলা চকরিয়া, রামু ও পেকুয়ায় তিন শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের নিচতলায়। এর ফলে গত সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত চার দিন পাঠদান বন্ধ ছিল। এ তথ্য নিশ্চিত করেছে জেলা প্রশাসন।

চকরিয়া উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আবু জাফর বলেন, উপজেলার ৭৭টি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম বন্ধ রয়েছে। এর মধ্যে ৫৫টি আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। বন্যার পানি নেমে গেলে শ্রেণি কার্যক্রম চালু হবে।

চকরিয়া কোরক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক নুরুল আখের প্রথম আলোকে বলেন, বিদ্যালয়ের নিচতলা প্লাবিত হওয়ায় শনিবারের অর্ধবার্ষিকী পরীক্ষা স্থগিত করা হয়েছে।

চকরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আসলাম খান প্রথম আলোকে বলেন, উপজেলায় ৮৫টি মাধ্যমিক বিদ্যালয় ও ৭৪টি মাদ্রাসা রয়েছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠান প্লাবিত হয়েছে। বেশ কিছু প্রতিষ্ঠান আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে।

চকরিয়ার পাশের উপজেলা পেকুয়ার অন্তত ৪০টি শিক্ষাপ্রতিষ্ঠানের নিচতলা বন্যার পানিতে ডুবে আছে বলে জানান উপজেলা চেয়ারম্যান শাফায়েত আজিজ।

চকরিয়া, পেকুয়ার মতো রামু উপজেলাতেও বন্যার কারণে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। রামু উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলম বলেন, ৪০টিরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠানসহ কয়েক হাজার ঘরবাড়ি বন্যার পানিতে ডুবে আছে।

বন্যা পরিস্থিতি ও প্লাবিত শিক্ষাপ্রতিষ্ঠান সম্পর্কে জেলা প্রশাসক মো. আলী হোসেন গতকাল শুক্রবার সকালে প্রথম আলোকে বলেন, গত চার দিনের টানা বর্ষণ ও ঢলের পানিতে জেলার চকরিয়া, পেকুয়া, রামু, কক্সবাজার ও উখিয়া উপজেলার অন্তত চার লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়ে। এ সময় তিন শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্যার পানিতে ডুবে যায়। বুধবার থেকে বৃষ্টিপাত না হওয়ায় বন্যার পানি কমতে শুরু করেছে। এতে বিভিন্ন গ্রাম বন্যামুক্ত হচ্ছে। বৃষ্টিপাত না হলে কয়েক দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ওসমান গনী প্রথম আলোকে বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের পূর্ণাঙ্গ তালিকা এখনো হাতে আসেনি। বন্যার পানিতে ডুবে থাকা শতাধিক প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান ব্যাহত হচ্ছে। বন্যাদুর্গত এলাকার লোকজন আশ্রয় নেওয়ায় বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ আছে।