কক্সবাজারের নেতারা ঢাকার পথে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোটের ১২ মার্চের ‘চলো চলো ঢাকা চলো’ কর্মসূচিতে অংশ নিতে কক্সবাজারের আটটি উপজেলা থেকে বিএনপির ও জামায়াতের হাজারো নেতা-কর্মী যাত্রা শুরু করেছেন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আরা বলেন, জেলার আটটি উপজেলা থেকে ছয় হাজার নেতা-কর্মী ঢাকার কর্মসূচিতে যোগ দেবেন। অনেকে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন। নেতা-কর্মীদের থাকার জন্য ঢাকায় কয়েকটি কমিউনিটি সেন্টার ভাড়া করা হয়েছে। কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের বিএনপির সাংসদ লুৎফর রহমান প্রথম আলোকে বলেন, কক্সবাজার শহর থেকে এক হাজার নেতা-কর্মী ঢাকার উদ্দেশে রওনা দেবেন। এ জন্য বাসের দরকার প্রায় ৫০টি। কিন্তু প্রশাসনের হুমকি-ধমকির কারণে বাসমালিকেরা আমাদের বাস দিতে রাজি হচ্ছেন না। এক প্রশ্নের জবাবে সাংসদ বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি, শনিবার রাতে কক্সবাজার থেকে নানা কৌশলে রওনা দেব।’তিনি বলেন, কিন্তু ঢাকায় হোটেল ভাড়া পাওয়া যায়নি। নেতা-কর্মীদের আত্মীয়স্বজনদের বাসাবাড়িতে ভাগাভাগি করে রাত যাপনের ব্যবস্থা করা হচ্ছে।জেলা জামায়াতের সেক্রেটারি জি এম রহিমুল্লাহ বলেন, যেকোনো মূল্যে ঢাকার কর্মসূচি সফল করা হবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, যত বাধা-বিপত্তিই আসুক না কেন ঢাকায় যাবই।’কক্সবাজার বাস-মিনিবাস মালিক শ্রমিক ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম বলেন, ‘নগদ টাকায় গাড়ি ভাড়া দিতে আমরা প্রস্তুত রয়েছি। গাড়ি সরবরাহে আমাদের কেউ নিষেধও করেনি।’বিরোধী দলের নেতাদের অভিযোগ সম্পর্কে কক্সবাজারের সহকারী পুলিশ সুপার তোফায়েল আহমদ বলেন, পুলিশ কোনো বাসমালিককে নিষেধ করেনি। এসব অপপ্রচার।