কক্সবাজারের পর্যটকদের সেবায় অ্যাপস চালু
কক্সবাজার পর্যটন নগরীকে এখন দেশের কিংবা দেশের বাইরের যেকোনো স্থানের পর্যটক মোবাইল অ্যাপসের মাধ্যমে জানতে পারবেন। এই অ্যাপসে পর্যটনসংশ্লিষ্ট তথ্য ছাড়াও হেল্পলাইনে মুহূর্তের মধ্যে সেবা পাওয়া যাবে।
গতকাল মঙ্গলবার বিকেলে সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টের উন্মুক্ত মঞ্চে ‘ওয়েবস অব কক্সবাজার’ নামের অ্যাপসটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মহাপরিচালক ও এটুআই প্রকল্পের প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার।
জেলা প্রশাসক মো. আলী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা আওয়ামী লীগের সভাপতি ও বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য সিরাজুল মোস্তফা, জেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল করিম, ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার ফজলে রাব্বি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আবদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আনোয়ারুল নাসের, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম মজুমদার, কক্সবাজার পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) মাহবুবুর রহমান, বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য লুৎফুন্নাহার বাপ্পি ও কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
কবির বিন আনোয়ার তাঁর বক্তব্যে বলেন, কক্সবাজারের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ কেন্দ্র, খুরুস্কুল বিশেষ আশ্রয়ণ প্রকল্পসহ ২৫টি মেগা উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হচ্ছে কক্সবাজারে। এখানকার পর্যটনের উন্নয়নের জন্যও সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন প্রধানমন্ত্রী। টেকনাফের সাবরাং এক্সক্লুসিভ ট্যুরিস্ট জোন, জালিয়ারদিয়া পর্যটন প্রকল্প বাস্তবায়িত হলে দেশি-বিদেশি পর্যটকের আগমন আরও বাড়বে।
সিরাজুল মোস্তফা বলেন, পর্যটনসংশ্লিষ্ট সেবাগুলোকে হাতের মুঠোয় এনে পর্যটকদের ভ্রমণকে আরও গতিশীল করবে এই অ্যাপস।
জেলা প্রশাসক মো. আলী হোসেন জানান, অ্যাপসটিতে কক্সবাজারের পর্যটনের সব তথ্য রয়েছে। পর্যটকেরা মুহূর্তের মধ্যে অ্যাপস থেকে সেবা পাবেন। এতে পর্যটকদের ভ্রমণ আরও নিরাপদ ও আরামদায়ক হবে। তিনি বলেন, এই অ্যাপসে হোটেলের কক্ষভাড়া, কার রেন্টাল, বিমানভাড়া, বাসভাড়াসহ সবকিছুর হালনাগাদ তথ্য থাকবে। এ ছাড়া হাসপাতালের জরুরি নম্বর, ট্যুরস অ্যান্ড ট্রাভেল গাইড, লাইভ গার্ডের তথ্যও থাকবে। অ্যাপসে থাকবে পর্যটন নগরীর ম্যাপ। এই ম্যাপ দেখে পর্যটকেরা তাঁদের অবস্থান এবং এক জায়গা থেকে অন্য জায়গার দূরত্ব নিশ্চিত করতে পারবেন। এতে পর্যটকেরা আর হয়রানির শিকার বা প্রতারিত হবেন না।