স্থানীয় মানুষের অংশগ্রহণ ছাড়া পর্যটনের উন্নয়ন সম্ভব নয়। কক্সবাজারের স্থানীয় মানুষের সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন ঘটানো ছাড়া আন্তর্জাতিক পর্যটন নগর গড়ে তোলা সম্ভব হবে না। গতকাল বুধবার দুপুরে কক্সবাজার ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে পর্যটন নিয়ে এক সেমিনারে বক্তাদের আলোচনায় এসব বিষয় উঠে আসে।
সেমিনারের আয়োজক বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ। সেমিনারে ভারত, নেপাল, ভুটান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের শিক্ষক ও গবেষকেরা অংশ নেন। উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের কয়েকজন শিক্ষক।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন ভারতের ইন্দিরা গান্ধী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এস পি বানচাল। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রধান অধ্যাপক সাকির আহমেদ, অধ্যাপক সৈয়দ রাশেদুল হাসান, অধ্যাপক আফজাল হোসেন ও সহকারী অধ্যাপক মো. বদরুজ্জামান ভূঁইয়া। স্বাগত বক্তব্য দেন কক্সবাজার ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রধান শাকিল আহমদ। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবুল কাশেম।
উপাচার্য এস পি বানচাল বলেন, কক্সবাজারের সাধারণ মানুষের সম্পৃক্ততার ভিত্তিতে এ অঞ্চলের পর্যটনের বিস্তার সম্ভব। কক্সবাজারের মতো এত দীর্ঘ সমুদ্রসৈকত বিশ্বের কোথাও নেই। রয়েছে নয়নাভিরাম পাহাড়-পর্বত। সঠিক পরিকল্পার মাধ্যমে প্রকৃতিপ্রদত্ত এসব সম্পদ কাজে লাগাতে পারলে কক্সবাজারের পর্যটনের প্রতি সারা বিশ্বের মানুষের আলাদা নজর থাকবে। পর্যটনের বিকাশে সরকারি উদ্যোগের সঙ্গে ব্যক্তি উদ্যোগকেও স্বাগত জানাতে হবে।
অধ্যাপক সৈয়দ রাশেদুল হাসান বলেন, পর্যটন খাতে দক্ষ জনশক্তি সৃষ্টিতে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট ভূমিকা পালন করবে।
বদরুজ্জামান ভূঁইয়া বলেন, কক্সবাজারে প্রতিদিন হাজার হাজার পর্যটক আসেন। এ খাত কিন্তু এখনো আন্তর্জাতিক পর্যটন নগরী হিসেবে গড়ে উঠতে পারেনি। এর জন্য আগে এখানকার সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন ঘটাতে হবে। স্থানীয় ব্যক্তিদের অংশগ্রহণ অবশ্যই প্রয়োজন।
অধ্যাপক সাকির আহমদ বলেন, কক্সবাজারে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের কাজ শুরু হয়েছে। পর্যায়ক্রমে আন্তর্জাতিক পর্যটন নগরী হিসেবে প্রস্তুত হচ্ছে কক্সবাজার।