স্বাধীনতার দীর্ঘ ৪১ বছর পরও কক্সবাজারের স্মৃতিবিজড়িত পাঁচটি বধ্যভূমি সংরক্ষণ করা যাচ্ছে না। বরং বধ্যভূমির মূল্যবান জমি বেদখলে চলে যাচ্ছে।এদিকে গত শুক্রবার রাত ১২টা এক মিনিটে (শহীদ বুদ্ধিজীবী দিবসের প্রথম প্রহরে) প্রায় ৩৫ লাখ টাকায় নতুনভাবে তৈরি শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্বোধন করা হয়েছে। আজ ১৬ ডিসেম্বর আবালবৃদ্ধবনিতা মহা উৎসবে নতুন শহীদ মিনারে ফুল দিয়ে বীর শহীদদের শ্রদ্ধা জানাবে।জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার রমজান আলী বাহাদুর বলেন, একাত্তরের ১২ মে পাকিস্তানি হানাদার বাহিনী শহরের সি-বিচ রেস্টহাউসটিতে (বর্তমানে ১৭ ইসিবি ক্যাম্প) তাদের ঘাঁটি স্থাপন করে। সে সময় স্থানীয় রাজাকার, আলবদর বাহিনীর সহযোগিতায় হানাদার বাহিনীর সদস্যরা শহরে নারকীয় হত্যাযজ্ঞ চালায় এবং এই রেস্টহাউসে পাকিস্তানি সেনারা ধর্ষণ এবং নিরীহ লোকজনকে নির্যাতন ও হত্যাযজ্ঞ চালায়। নির্যাতনের পর সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে পাকিস্তানি সেনারা বাঙালিদের হত্যা করে। বহু নারীকে ধর্ষণের পর হত্যা করে লাশগুলো এই মৃত্যুকূপে (বধ্যভূমি) ফেলা হয়।মুক্তিযোদ্ধা জহর লাল পাল চৌধুরী বলেন, এই সি-বিচ রেস্টহাউস ছাড়াও জেলার টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (হাসপাতাল) পেছনে নাইটং পাহাড়ের পাদদেশে একটি এবং মহেশখালী আদিনাথ মন্দিরসংলগ্ন তিনটি স্থানে তিনটি বধ্যভূমি রয়েছে। কিন্তু স্বাধীনতার ৪১ বছর পরও এসব বধ্যভূমি সংরক্ষণ করা সম্ভব হয়নি।জেলা সিপিবির সভাপতি কমরেড দিলীপ দাশ বলেন, মহেশখালীর আদিনাথ পাহাড়ের মইগ্যার ঘোনা, মহন্ত ঘোনা ও মোত ঘোনায় পাকিস্তানি বাহিনী নারকীয় হত্যাকাণ্ড পরিচালনা করত। ওখানে নারীদের ধরে নিয়ে ধর্ষণ ও পুরুষদের হত্যা করা হতো। এখন ওই সব বধ্যভূমি বেদখলে চলে যাচ্ছে।১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসের প্রথম প্রহরে এক হাজার ২০০টি মোমবাতি প্রজ্বালনের মাধ্যমে শহরের প্রাণকেন্দ্র শহীদ সরণিতে নবনির্মিত জেলা কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক মোস্তাক আহমদ চৌধুরী, প্রধান নির্বাহী কর্মকর্তা ও যুগ্ম সচিব মো. শফিকুর রহমান, জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির, পুলিশ সুপার মো. আজাদ মিয়া, জেলা জাসদের সভাপতি নঈমুল হক চৌধুরী, কক্সবাজার শহর আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান প্রমুখ। জেলা খেলাঘর আসরের সদস্যরা নতুন শহীদ মিনারে প্রথম পুষ্পমাল্য অর্পণ করেন।