কক্সবাজারের পাহাড়-জঙ্গলে চার লাখ রোহিঙ্গা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমার সীমান্তসংলগ্ন কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং এলাকায় ১৯৯১ সালে বন বিভাগের কয়েক শ একর পাহাড় কেটে তৈরি করা হয় প্রায় ১৫ হাজার রোহিঙ্গা শরণার্থীদের জন্য শিবির। কয়েক বছরের ব্যবধানে এই শিবিরের দক্ষিণ ও পশ্চিম পাশে আরও কয়েক হাজার একর সংরক্ষিত পাহাড় দখল করে অবৈধ বসতি করছে আরও অন্তত এক লাখ অনুপ্রবেশকারী রোহিঙ্গা।সংশ্লিষ্ট সূত্র জানায়, টেকনাফের নয়াপাড়া শরণার্থী শিবিরের পাশে রয়েছে আরও ৩০ হাজার রোহিঙ্গার বিশাল বস্তি। এ ছাড়া জেলার সমুদ্র উপকূলের হিমছড়ি, বড়ছড়া, বাহারছড়া, মনখালী, ঝাউবাগান ও কক্সবাজার পৌরসভার ভেতর কয়েকটি পাহাড় এবং উখিয়া, টেকনাফ, রামু, চকরিয়া উপজেলায় বসবাস করছে আরও অন্তত আড়াই লাখ রোহিঙ্গা। এসব রোহিঙ্গা সরকারি বন-জঙ্গল উজাড়ের পাশাপাশি আয়-রোজগারের জন্য হামলে পড়ছে শহরের এদিক-সেদিক। অনেকে চুরি, ডাকাতি, ছিনতাইসহ নানা অপরাধকর্মে জড়িয়ে পড়ছে। ফলে রাষ্ট্রীয় নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন জেলার ২৩ লাখ মানুষ। এখন নতুন করে আরও কয়েক লাখ রোহিঙ্গার অনুপ্রবেশ ঘটিয়ে কক্সবাজারের বনাঞ্চল দখল করে রোহিঙ্গা রাজ্য প্রতিষ্ঠার চক্রান্ত চলছে। বলছিলেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) জেলা শাখার সভাপতি অধ্যাপক আবদুল বারী। কক্সবাজারের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) বিপুল কৃষ্ণ দাশ প্রথম আলোকে বলেন, রোহিঙ্গাদের কারণে সংরক্ষিত বনাঞ্চল রক্ষা করা যাচ্ছে না। তারা যেন নতুন করে বনভূমি দখল করে বসতি স্থাপন করতে না পারে, সে ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পুরো জেলার বনাঞ্চলে টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এ ব্যাপারে প্রতিটি বন বিট কর্মকর্তাকে সতর্ক দৃষ্টি রাখতে ১৩ জুন নোটিশ দেওয়া হয়েছে। নোটিশ পাওয়ার পর থেকে কক্সবাজার শহর ও শহরতলির সব পাহাড়ে দিন-রাত টহল দিচ্ছেন বনকর্মীরা। তবে স্বল্পসংখ্যক বনকর্মী দিয়ে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে সামাল দেওয়া তাঁদের জন্য কঠিন হয়ে পড়েছে।গত বুধবার দুপুরে উখিয়ার কুতুপালং শরণার্থী শিবিরের দক্ষিণ অংশে গিয়ে দেখা গেছে, বন বিভাগের বিশাল পাহাড় দখল করে বসতি গেড়েছে কয়েক হাজার রোহিঙ্গা পরিবার। দুটি ঘরে বসবাসকারী রোহিঙ্গা মোহাম্মদ আনোয়ার (৫৫) ও সৈয়দ উল্লাহ (৪২) বলেন, চার বছর আগে তাঁরা মিয়ানমারের বুচিডং ও রাচিডং এলাকা থেকে সপরিবারে অনুপ্রবেশ করে এই পাহাড়ে আশ্রয় নেন। তাঁদের তিন ছেলে ও দুই মেয়ে চট্টগ্রাম মহানগরের হালিশহর এলাকার একটি পোশাক কারখানায় দেড় বছর ধরে শ্রমিকের কাজ করছে।স্থানীয় রাজা পালং ইউনিয়ন পরিষদের (ইউপি) কুতুপালং ওয়ার্ডের সদস্য আবদুল হক বলেন, রোহিঙ্গাদের ওপর সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। তাদের হাতে স্থানীয় কয়েক হাজার বাসিন্দা জিম্মি হয়ে পড়েছেন। এ কারণে গত বুধবার সকালে কুতুপালং রোহিঙ্গা শিবিরের পাশে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে স্থানীয় লোকজন। তারা পাহাড়-জঙ্গলে বসবাসরত চার লাখ রোহিঙ্গাকে দ্রুত মিয়ানমারে ফেরত পাঠানোর দাবি জানায়। অন্যথায় কঠোর আন্দোলনের হুমকি দেওয়া হয়। রোহিঙ্গা অনুপ্রবেশ প্রতিরোধ ও প্রত্যাবাসন আন্দোলন কমিটির ব্যানারে এই ধরনের কর্মসূচি কক্সবাজার শহর, টেকনাফ ও উখিয়া উপজেলার অন্যান্য স্থানেও হচ্ছে।২০০৯ সাল থেকে অবৈধ রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর দাবিতে আন্দোলন করছে সংগঠনটি। সংগঠনের আহ্বায়ক উখিয়া বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজের অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী বলেন, বর্তমানে চার লাখের বেশি রোহিঙ্গা অবৈধভাবে বসবাস করছে। তারা দেশের শ্রমবাজার দখলের পাশাপাশি ইয়াবাসহ মাদক পাচার, চুরি, ডাকাতি, ছিনতাই, অস্ত্র ব্যবসা ও জঙ্গি তৎপরতায় জড়িত। এ কারণে দেশের জননিরাপত্তা ও পর্যটন শহর কক্সবাজারের অস্তিত্ব হুমকির মুখে পড়েছে। এখন নতুন করে আরও কয়েক লাখ রোহিঙ্গাকে কক্সবাজারে নিয়ে আসার চক্রান্ত করছে দেশি-বিদেশি একটি চক্র।সংগঠনের সদস্যসচিব নূর মোহাম্মদ সিকদার অভিযোগ করে বলেন, ‘কুতুপালং শিবির থেকে কিছু প্রশিক্ষণপ্রাপ্ত রোহিঙ্গা ক্যাডার জঙ্গি সংগঠন আরাকান রোহিঙ্গা সলিডারেটি অর্গানাইজেশন (আরএসও) ও আরাকান রোহিঙ্গা ইসলামিক ফ্রন্টের (আরিফ) সঙ্গে আঁতাত করে মিয়ানমারের ভেতর ঢুকে সাম্প্রদায়িক দাঙ্গায় উসকানি দিচ্ছে এবং রোহিঙ্গাদের বাংলাদেশে অনুপ্রবেশে বাধ্য করছে। তাদের উদ্দেশ্য কক্সবাজারের ভূমি দখল করে ১০ লাখের বেশি রোহিঙ্গার সমাগম ঘটিয়ে কক্সবাজারকে রোহিঙ্গা রাজ্য হিসেবে প্রতিষ্ঠা করা। আমরা তা কিছুতেই হতে দেব না।’এসব ব্যাপারে জেলা প্রশাসক মোহাম্মদ জয়নুল বারী প্রথম আলোকে বলেন, রোহিঙ্গারা এখন কক্সবাজারবাসীর জন্য বিষফোড়া আর দেশের জন্য জাতীয় সমস্যায় পরিণত হয়েছে। তাদের মিয়ানমারে ফেরত পাঠানোর ব্যাপারে কূটনৈতিক তৎপরতা চলছে। নতুন করে কোনো রোহিঙ্গা যাতে বাংলাদেশে অনুপ্রবেশ করতে না পারে সীমান্তে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।