কক্সবাজারের পাহাড় থেকে দখলদারদের উচ্ছেদের সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় পাহাড় কেটে অবৈধ আবাসন প্রকল্প গড়ে তোলার বিষয়ে আলোচনা হয়েছে। সভায় পাহাড় থেকে অবৈধ দখলদার ও বসতি উচ্ছেদ এবং সেখানে আবাসন প্রকল্প গড়ে তোলার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। গতকাল সোমবার দুপুরে কক্সবাজার জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে এ সভা হয়।
সভার একটি সূত্র জানায়, প্রথম আলোয় ছবিসহ প্রকাশিত ‘সরকারি পাহাড় কেটে আবাসন প্রকল্প’ শীর্ষক প্রতিবেদনের সত্যতা নিয়ে উপস্থিত ব্যক্তিদের মতামত জানতে চান কক্সবাজার জেলা প্রশাসক মো. আলী হোসেন। এ সময় সভায় উপস্থিত থাকা ব্যক্তিরা বলেন, সংবাদ সত্য, পাহাড় কেটে অবৈধভাবে আবাসন প্রকল্প করা হয়েছে। এসব স্থাপনা দ্রুত উচ্ছেদ করতে হবে।
কক্সবাজারের ‘সৈকতপাড়া পাহাড়’ কেটে শহর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আবদুর রহিমসহ কয়েকজন প্রভাবশালী ব্যক্তির আবাসন প্রকল্প গড়ে তোলা নিয়ে গতকাল প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশ করা হয়।
গতকাল দুপুরে সৈকতপাড়া পাহাড়ে গিয়ে দেখা গেছে, পাহাড় কেটে তৈরি আবাসন প্রকল্পের টিনের ঘর থেকে লোকজন সরে গেছেন। পাহাড়ি এলাকার স্থানীয় লোকজন বলেন, জেলা প্রশাসন থেকে অভিযান চালানো হবে এমন খবরের ভিত্তিতে সকাল সাতটার দিকে লোকজনকে সরিয়ে দেয় দখলদারেরা।
জেলা উন্নয়ন সমন্বয় কমিটির গতকালের সভায় উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সাংসদ খোরশেদ আরা হক, জেলা প্রশাসক মো. আলী হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনুপম সাহা, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক এফ এম আলাউদ্দিন খান, কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শহিদুল ইসলাম, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম, টেকনাফ পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. রহিম উদ্দিনসহ সরকারি একাধিক দপ্তরের কর্মকর্তারা।
সভা শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনুপম সাহা প্রথম আলোকে বলেন, পাহাড় কেটে আবাসন প্রকল্প তৈরির বিষয়ে আলোচনা হয়েছে। আবাসন প্রকল্পের ঘরবাড়ি উচ্ছেদের সিদ্ধান্ত হয়েছে। সভা শেষে একই কথা বলেছেন, কক্সবাজারের সাংসদ খোরশেদ আরা হক।
সভায় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম বলেন, পাহাড় কেটে আবাসন প্রকল্প হচ্ছে সত্যি। এর আগেও পাহাড় থেকে অবৈধ ঘরবাড়ি উচ্ছেদ করা হয়েছিল।
বৈঠক শেষে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. রহিম উদ্দিন বলেন, ‘সরকারি পাহাড় কেটে ওই আবাসন প্রকল্প তৈরির বিষয়টি আগে আমাদের জানা ছিল না। দলের ভাবমূর্তি ক্ষুণ্নের জন্য আবদুর রহমানকে অনেকে দায়ী করছেন। সমন্বয় সভায় আমরা বলেছি, অবৈধ ওই আবাসন প্রকল্পের ঘরবাড়ি দ্রুত উচ্ছেদ করতে। প্রকল্পের সঙ্গে জড়িত পরিবেশ অধিদপ্তর কর্মকর্তা ও বনকর্মীদের শনাক্ত করতে হবে।’
কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন বলেন, সরকারি পাহাড়ের ওই আবাসন প্রকল্প দ্রুত উচ্ছেদ করা হবে।