কক্সবাজারের পৌর মেয়র-কাউন্সিলরদের শপথ পড়াতে সাত দিনের সময়সীমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার পৌরসভার নবনির্বাচিত মেয়র ও ১৬ জন কাউন্সিলর চার মাসের বেশি সময় ধরে শপথ নিতে পারছেন না। ফলে পৌরসভা পরিচালনার ক্ষেত্রে দেখা দিয়েছে অচলাবস্থা। স্থবির হয়ে পড়েছে সব উন্নয়ন কর্মকাণ্ড। গতকাল সোমবার বেলা ১১টায় কক্সবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে মেয়র ও কাউন্সিলররা সাত দিনের মধ্যে তাঁদের শপথ করানোর সময়সীমা (আলটিমেটাম) বেঁধে দিয়েছেন। তা না হলে ১৪ জুন জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করে কঠোর আন্দোলন কর্মসূচি দিয়ে কক্সবাজার অচল করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তাঁরা।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পৌরসভার মেয়র সরওয়ার কামাল বলেন, চার মাস ১০ দিন আগে অর্থাৎ গত ২৭ জানুয়ারি জেলার কক্সবাজার, মহেশখালী, টেকনাফ ও চকরিয়া পৌরসভায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন হয়। কিন্তু একটি দুষ্টচক্র ভোটার তালিকায় মিয়ানমারের অনুপ্রবেশকারী রোহিঙ্গারা রয়েছে দাবি করে উচ্চ আদালতে মামলা করে শপথ অনুষ্ঠানে বাধার সৃষ্টি করে। আদালতের বাধা দূর হলে গত ৯ মে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার টেকনাফ, মহেশখালী ও চকরিয়া পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ অনুষ্ঠানের আয়োজন করেন। কিন্তু রহস্যজনক কারণে কক্সবাজার পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ থেকে বিরত রাখা হয়। মেয়র সরওয়ার কামাল আরও বলেন, শহরের নালা-নর্দমা ভরাট হওয়ায় সামান্য বৃষ্টির পানিতে পুরো শহরে জলাবদ্ধতা দেখা দিচ্ছে। এতে হাজার হাজার পথচারী, শিক্ষার্থী ও ব্যবসায়ীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অথচ দরপত্র আহ্বানে বিলম্ব হওয়ায় শহর উন্নয়ন প্রকল্পের ছয় কোটি ৬০ লাখ টাকা ফেরত যাচ্ছে। ভারপ্রাপ্ত মেয়রের নেতৃত্বে বর্তমান পৌর পরিষদ উন্নয়ন প্রকল্পের নামে চালাচ্ছে লুটপাট। তাই নাগরিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে তাঁরা মাঠে নেমেছেন। সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন নবনির্বাচিত কাউন্সিলর সালামত উল্লাহ, আকতার কামাল, চম্পা উদ্দিন, সাইফুদ্দিন খালেদ, হেলাল উদ্দিন, জিসান উদ্দিন, ওমর ছিদ্দিক প্রমুখ।