কক্সবাজারের বিধ্বস্ত বাঁধ এখনো খোলা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই বছর আগে ঘূর্ণিঝড় আইলার আঘাতে কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের পশ্চিমপাড়ায় দেড় কিলোমিটার বেড়িবাঁধ বিলীন হয়। এর মধ্যে প্রায় সাত কোটি টাকা ব্যয় করা হলেও বাঁধ নির্মাণ হয়নি। এখন এই ভাঙা বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে কয়েকটি গ্রামের শত শত মানুষের বসতবাড়ি প্লাবিত হচ্ছে। আসন্ন বর্ষায় উত্তাল সাগরে এসব গ্রাম বিলীন হওয়ার আশঙ্কায় রয়েছে ৪০ হাজার মানুষ।শাহপরীর দ্বীপের মতো টেকনাফ উপজেলার নিলা ও হোয়াইক্যং ইউনিয়নে আইলাবিধ্বস্ত আরও ছয় কিলোমিটার বেড়িবাঁধ খোলা পড়ে রয়েছে। এসব খোলা বাঁধ দিয়ে নাফ নদের পানি ঢুকে হাজার হাজার একর ফসলি জমি প্লাবিত হচ্ছে।কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম নুরুল বশর চৌধুরী জানান, উপজেলার প্রায় ১৭ কিলোমিটার বেড়িবাঁধ মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এতে উপজেলার এক লাখের বেশি মানুষ ঝুঁকি নিয়ে বসবাস করছেন। মহেশখালী উপজেলার চেয়ারম্যান আবু বক্কর সিকদার জানান, উপজেলার ধলঘাটা ইউনিয়নে প্রায় নয় কিলোমিটার বাঁধ দুই বছর ধরে খোলা। হোয়ানক, শাপলাপুর ও মাতারবাড়ী ইউনিয়নে আরও আট কিলোমিটার ভাঙা অংশের বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি প্রবেশ করে বর্তমানে কয়েক হাজার মানুষের ঘর-বাড়ি প্লাবিত হচ্ছে। ঝুঁকির মুখে রয়েছে অন্তত দেড় লাখ মানুষ।পরিবেশবাদী সংগঠন কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের সভাপতি দীপক শর্মা জানান, একশ্রেণীর প্রভাবশালী ও রাজনৈতিক দলের নেতা উপকূল রক্ষার জন্য সৃজিত প্যারাবন (ম্যানগ্রোভ) ধ্বংস করে চিংড়িঘের করে কোটিপতি হচ্ছেন। অন্যদিকে প্যারাবন উজাড় হওয়ায় জোয়ারের সরাসরি আঘাতে পাউবোর বেড়িবাঁধ ভেঙে যাচ্ছে। এতে বেড়িবাঁধ ও প্যারাবন সৃজনের বিপরীতে সরকারের প্রতিবছর কোটি কোটি টাকা খরচ হলেও বন উজাড় বন্ধ হচ্ছে না।সুশাসনের জন্য নাগরিক (সুজন) জেলা শাখার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান জানান, জেলার উপকূলীয় সাতটি উপজেলার পাঁচ শতাধিক বেড়িবাঁধের মধ্যে বর্তমানে প্রায় ২০০ কিলোমিটার মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে। প্রায় ১০ লাখ মানুষ চরম উৎকণ্ঠায় দিনাতিপাত করছেন। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মো. মইনুদ্দীন জানান, আইলায় জেলার উপকূলীয় এলাকার ১৩৩ দশমিক ৬৪ কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়। এসব বেড়িবাঁধ সংস্কার ও নির্মাণের জন্য পানিসম্পদ মন্ত্রণালয়ে ৬৬ কোটি ২৮ লাখ ২২ হাজার টাকা বরাদ্দ চেয়ে একটি চাহিদা প্রকল্প পাঠানো হয়। বর্তমানে প্রকল্পটি মন্ত্রণালয়ের প্রক্রিয়াধীন। প্রয়োজনীয় অর্থ বরাদ্দ পাওয়া গেলে ভাঙা বাঁধগুলো সংস্কার ও মেরামতের আওতায় আনা হবে। জেলায় মোট বেড়িবাঁধ রয়েছে ৫৯৬ কিলোমিটার।