কক্সবাজারের মাদ্রাসা শিক্ষকদের জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন

সন্ত্রাস, জঙ্গিবাদ ও নাশকতার বিরুদ্ধে মানববন্ধন করেছেন কক্সবাজার শহরের বিভিন্ন মাদ্রাসার শিক্ষকেরা। গতকাল রোববার বেলা ১১টায় কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন কক্সবাজার জেলা শাখার উদ্যোগে এই মামনববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে কক্সবাজার ইসলামিয়া মহিলা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জাফরুল্লাহ নূরী বলেন, ‘ইসলামে জঙ্গিবাদের স্থান নাই, আমরা জঙ্গিবাদমুক্ত বাংলাদেশ চাই। যারা ইসলামের নামে সন্ত্রাস, জঙ্গিবাদ ও নাশকতামূলক কাজ করছে, তারা ইসলামের শত্রু। তারা নবীর দুশমন। শক্ত হাতে তাদের প্রতিহত করতে হবে।’
সংগঠনের জেলা সভাপতি মাওলানা কামাল হোছাইন বলেন, মাদ্রাসায় জঙ্গিবাদের প্রশিক্ষণ হয় না। সেখানে কোরআন-সুন্নাহর আলোকে প্রকৃত ইসলামের চর্চা হয়।
মানববন্ধনে আরও বক্তব্য দেন মাওলানা ফরিদ আহমদ চৌধুরী, মাওলানা কফিল উদ্দিন ফারুক, মাওলানা মুহিব্বুল্লাহ, মাওলানা আবুল হাছান আলী, মাওলানা মুহাম্মদ ওমর হামজা, মাওলানা মো. আইয়ুব, মাওলানা রুহুল কুদ্দুছ আনোয়ারী, মাওলানা আমির হোছাইন, মাওলানা ইলিয়াছ, শামসুল হক শারেক প্রমুখ।
মানববন্ধন শেষে মোনাজাত করেন মাওলানা হামিদুল হক মোজাদ্দেদী।