বাজারে পরিশোধিত প্রতি কেজি প্যাকেটজাত লবণ বিক্রি হচ্ছে ২০ থেকে ৩০ টাকায়। অথচ কক্সবাজারের মাঠে উৎপাদিত প্রতি কেজি সাদা লবণ বিক্রি হচ্ছে মাত্র তিন টাকায়। ব্যবসায়ীরা বলছেন, মিয়ানমার ও ভারত থেকে প্রচুর পরিমাণে লবণ আনার কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। লবণচাষিরা বলেন, ডিসেম্বরের শুরুতে মাঠে উৎপাদিত প্রতি কেজি লবণ পাঁচ টাকায় বিক্রি হলেও এখন কেউ তিন টাকার বেশিতে কিনতে রাজি হচ্ছেন না। এতে লবণ চাষের সঙ্গে জড়িত জেলার অন্তত ৫০ হাজার প্রান্তিক চাষি বিপাকে পড়েছেন। গতকাল বৃহস্পতিবার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের মামুনপাড়া ও নয়াপাড়া ঘুরে দেখা যায়, চাষিরা মাঠে উৎপাদিত বিপুল পরিমাণ লবণ স্তূপ করে রেখেছেন। স্থানীয় চাষি সৈয়দুল করিম বলেন, ‘২ ডিসেম্বর মাঠে উৎপাদিত প্রতি মণ (৪০ কেজি) লবণ বিক্রি করেছি ২১০ টাকায়। সে লবণ ১৫ ডিসেম্বর বিক্রি করেছি ১৮০ টাকায়। আর এখন বিক্রি হচ্ছে ১২০ টাকায়। এ হিসাবে প্রতি কেজির দাম পড়ে মাত্র তিন টাকা।’ তাঁর প্রশ্ন, বাজারে প্রতি কেজি প্যাকেটজাত লবণ বিক্রি হচ্ছে ৩০ টাকায়। মাঠের তিন টাকার লবণ বাজারে ৩০ টাকা কেন? এর কারণ অনুসন্ধানের কি কেউ নেই? কক্সবাজারের কুতুবদিয়াপাড়া, নাজিরারটেক ও ফদনারডেইল এলাকায় শতাধিক চাষি ৩০০ একরের বেশি জমিতে লবণ চাষ করছেন। কিন্তু লবণের দাম কমে যাওয়ায় দুদিন ধরে অনেকে উৎপাদন বন্ধ করে দিয়েছেন। কুতুবদিয়াপাড়া লবণ চাষি সমিতির সভাপতি ও পৌর কাউন্সিলর আকতার কামাল বলেন, বৈধ-অবৈধ পথে কিছু প্রভাবশালী ব্যক্তি ভারত ও মিয়ানমার থেকে কয়েক লাখ মেট্রিক টন লবণ নিয়ে এসে দেশ সয়লাব করছেন। এতে বাজারে লবণের চাহিদা কমে যাচ্ছে। স্থানীয় চাষিরা বেকার হয়ে পড়ছেন। বিদেশ থেকে লবণ আনা বন্ধ না হলে কিছুদিনের মধ্যে উৎপাদিত লবণ কেজি দুই টাকায় বিক্রি করতে হবে। টেকনাফ লবণ চাষি সমিতির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শফিক মিয়া বলেন, মিয়ানমার থেকে লবণ আনার ফলে স্থানীয় বাজারে দেশীয় লবণের দাম দ্রুত কমে যাচ্ছে। এতে এ উপজেলার অন্তত ১২ হাজার চাষি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সরকার জরুরি ভিত্তিতে বিদেশ থেকে লবণ আনা বন্ধ না করলে চাষিরা আন্দোলন শুরু করবে। টেকনাফের জাদিমুরার চাষি সলিম উল্লাহ (৪৮) বলেন, ‘প্রতি একর জমি ৩০ থেকে ৪০ হাজার টাকায় বর্গা নিয়ে লবণ চাষে নেমেছি। এখন প্রতি মণ লবণ যদি ১২০ টাকায় বিক্রি করতে হয়, তাহলে লাখ টাকা লোকসান গুনতে হবে।’ কক্সবাজার লবণ চাষি সংগ্রাম পরিষদের সভাপতি আনোয়ার পাশা চৌধুরী বলেন, চলতি মৌসুমের ১ ডিসেম্বর থেকে জেলার টেকনাফ, সদর, মহেশখালী, কুতুবদিয়া, পেকুয়া ও চকরিয়া উপজেলার অন্তত ৪০ হাজার একর জমিতে লবণ উৎপাদিত হচ্ছে। আরও অন্তত ২০ হাজার একরের জমি উৎপাদনের জন্য প্রস্তুত করা হচ্ছে। কিন্তু লবণের দাম কমে যাওয়ায় ৪৫ হাজারের বেশি চাষির লোকসান গুনতে হচ্ছে। বিসিক কক্সবাজার লবণশিল্প উন্নয়ন প্রকল্পের বৈজ্ঞানিক কর্মকর্তা মো. ওয়ালী উল্লাহ বলেন, চলতি মৌসুমে প্রায় ৭০ হাজার একর জমিতে লবণ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৫ লাখ ২০ হাজার মেট্রিক টন। দেশে লবণের বার্ষিক জাতীয় চাহিদা নির্ধারণ করা হয়েছে ১৫ লাখ ছয় হাজার মেট্রিক টন। কিন্তু চাষিরা ন্যায্যমূল্য না পেয়ে উৎপাদন বন্ধ করলে লক্ষ্যমাত্রা অর্জিত হবে না। নাম প্রকাশে অনিচ্ছুক জেলা প্রশাসনের একজন কর্মকর্তা বলেন, কিছু প্রভাবশালী ব্যক্তি ভারত ও মিয়ানমার থেকে লবণ এনে দেশের লবণশিল্প ধ্বংস করছেন। কক্সবাজারে উৎপাদিত লবণ দিয়ে দেশের জাতীয় বার্ষিক চাহিদা পূরণ হলেও নানা অজুহাতে লবণ আনার সুযোগ দেওয়া হচ্ছে।