কক্সবাজারের সঙ্গে উপকূলীয় ১২ রুটে ঝুঁকিপূর্ণ নৌ-চলাচল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার শহরের প্রধান নদী বাঁকখালীর বুক (তলদেশ) ভরাট হওয়ায় প্রায় ছয় হাজার মাছ ধরার ট্রলারসহ জেলার ১২টি রুটে নৌ-চলাচল ব্যাহত হচ্ছে। বিশেষ করে নদীর তলদেশে অসংখ্য ডুবোচর জেগে ওঠায় ঝুঁকি নিয়ে যাত্রী পারাপার করতে হচ্ছে।স্থানীয় লোকজন জানায়, ২০ বছর ধরে এই নদীর তলদেশ খনন করা হচ্ছে না। এতে নৌ-চলাচলের পথ সংকুচিত হয়ে পড়েছে। এই সুযোগে কতিপয় প্রভাবশালী ব্যক্তি নদীর তীর দখল করে নানা অবকাঠামো তৈরি করছেন।কক্সবাজার বাঁচাও আন্দোলনের সভাপতি আবু মোর্শেদ চৌধুরী বলেন, একসময় এই নদীর কস্তুরাঘাটে জেলার প্রধান বাণিজ্যকেন্দ্র ছিল। এই কস্তুরাঘাট দিয়ে স্টিমারে করে লোকজন চট্টগ্রাম যাওয়া-আসা করতেন। এখন এই ঘাটে নৌকাও ভেড়ে না। কারণ, নদীর কয়েক হাজার একরের বুক ভরাট হয়ে গেছে। এক যুগ ধরে নদীর তলদেশ খনন করার জন্য আন্দোলন করা হলেও কোনো ফল পাওয়া যাচ্ছে না।পরিবেশবাদী সংগঠন কক্সবাজার পরিবেশ ও বন সংরক্ষণ পরিষদের সভাপতি দীপক শর্মা বলেন, পাহাড় কাটার মাটি এবং শহরের ময়লা-আবর্জনা ফেলে প্রধান এই নদীর তলদেশ ভরাট করা হচ্ছে। এখনো তা অব্যাহত রয়েছে। ফলে সামান্য বৃষ্টি হলে পুরো শহরে জলাবদ্ধতা দেখা দেয়। ফলে শহরের তিন লাখ মানুষের দুর্ভোগ বাড়ে। সরেজমিনে দেখা গেছে, শহরের নুনিয়াছটা থেকে বাংলাবাজার পর্যন্ত বাঁকখালী সেতুর প্রায় ১০ কিলোমিটার লম্বা নদীর খাদ্যগুদাম, কস্তুরাঘাট, পেশকারপাড়া, নুরপাড়া, টেকপাড়া, মাঝিরঘাট, ৬ নম্বরসহ বিভিন্ন স্থানের বিস্তৃত ভরাটচর দখল করে নিয়েছেন প্রভাবশালী ব্যক্তিরা। দখল করা চর বা জমিতে তৈরি করা হয়েছে একাধিক বরফকল, মৎস্যখামার, চিংড়ি প্রকল্প, স-মিলসহ অসংখ্য বসতবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান। এতে নদীর গতিপথ সংকুচিত হয়ে নৌ-চলাচল যেমন ব্যাহত হচ্ছে, তেমনি নৌ-ঘাট অচল হয়ে পড়েছে। বিশাল চরে পৌরসভা কর্তৃপক্ষ যাত্রী পারাপারের জন্য ৭০০ ফুট লম্বা একটি কাঠের সাঁকো তৈরি করে দিয়েছে। যার ওপর দিয়ে দৈনিক কয়েক হাজার যাত্রী নদীর মধ্যে গিয়ে নৌকা, লঞ্চ ও স্পিডবোটে উঠে মহেশখালী, সোনাদিয়া, ধলঘাটা, মাতারবাড়ি, কুতুবদিয়াসহ ১২টি রুটে চলাচল করছে।কক্সবাজার পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) রাজ বিহারী দাশ বলেন, বাঁকখালী নদীর বুক খনন খুবই জরুরি; কিন্তু টাকার অভাবে তা সম্ভব হচ্ছে না। সামনে কক্সবাজার বিমানবন্দর সম্প্রসারণের কাজ শুরু হবে। তখন নদীর বুক খনন করে বন্দরের জমি ভরাটের পরিকল্পনা চলছে। তখন নদীর তীরের দখলদারদেরও উচ্ছেদ করা হবে। কক্সবাজার বোট মালিক সমিতির সভাপতি মুজিবুর রহমান বলেন, জেলার ছয় হাজারের বেশি ট্রলার এই নদীতে ঢুকে মাছ বিক্রি করে। ঘূর্ণিঝড় ও দুর্যোগের সময় এই নদীতে নিরাপদ আশ্রয় নেয়। কিন্তু নদীর গতিপথ সংকুচিত হওয়ায় ৫০০ ট্রলারও ঢুকতে পারছে না।ট্রলারের জেলে গিয়াস উদ্দিন (৩৪) ও মনির উল্লাহ (৪৫) বলেন, জোয়ারের সময় নদীতে পানি বেড়ে গেলে লঞ্চসহ ট্রলার চলাচল করতে পারে। কিন্তু ভাটার সময় চর ভেসে উঠলে চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় চরে আটকা পড়ে বহু ট্রলার উল্টে যায়। আর ট্রলার আটকা পড়লে প্রচুর মাছ নষ্ট হয়।