কক্সবাজারে তথ্যপ্রযুক্তির সেবা দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য গতকাল শুক্রবার সফল সাতজনকে পুরস্কৃত করা হয়েছে। পুরস্কার হিসেবে প্রত্যেককে দেওয়া হয়েছে মুঠোফোন ও কম্পিউটার চালনার আধুনিক প্রযুক্তি টেপ/পিসি। পুরস্কার পাওয়া ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ইউএনওর পুরস্কার পেয়েছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোজাহিদ উদ্দিন, শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়া উদ্দিন চৌধুরী, শ্রেষ্ঠ সহকারী প্রোগ্রামার জেলা প্রশাসকের কার্যালয়ের শরিফুল ইসলাম, শ্রেষ্ঠ ইউনিয়ন তথ্যসেবাকেন্দ্র উদ্যোক্তা রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়ন পরিষদের শাজনীন জাহান, সদর উপজেলার খুরুশকুল ইউনিয়ন তথ্যসেবাকেন্দ্রের মো. নুরুল আমিন, চকরিয়া বরইতলী ইউনিয়ন তথ্যসেবাকেন্দ্রের মো. ইমন চৌধুরী ও ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের সচিব ছুরুত আলম। সকাল ১০টায় জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা ইউনিয়ন তথ্যসেবাকেন্দ্রের উদ্যোক্তাদের ‘লার্নিং অ্যান্ড আর্নিং’-বিষয়ক দুই দিনব্যাপী আইটি প্রশিক্ষণ কর্মশালায় নির্বাচিত ব্যক্তিদের পুরস্কার তুলে দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম খান। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় এবং জেলা প্রশাসন যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে। জেলা প্রশাসক মো. রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন নজরুল ইসলাম খান। তথ্যপ্রযুক্তি বিষয়ে বক্তব্য দেন স্বনির্ভর বাংলাদেশের চেয়ারম্যান এস এম আল হোসায়নী ও চিফ অপারেটিং অফিসার মো. মশিউর রহমান।