বিদ্যুৎ প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগে কক্সবাজারের সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) জাফর আলমকেও গতকাল সোমবার কারাগারে পাঠানো হয়েছে। কক্সবাজার আদালতের মুখ্য বিচারিক হাকিম মো. তৌফিক আজিজ এ নির্দেশ দেন। দুপুর সাড়ে ১২টার দিকে তিনি আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) সরকারি কৌঁসুলি (পিপি) মো. সিরাজ উল্লাহ এর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, আগের দিন রোববার একই আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক (ডিসি) মো. রুহুল আমিন। আদালত জামিন নামঞ্জুর করে তাঁকেও কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ প্রকল্পের প্রায় ২০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় সাবেক ডিসি ও এডিসির বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে দুদক।
গতকাল সোমবার দুপুরে গোপনীয়তা রক্ষা করে আদালতে প্রবেশ করেন এডিসি জাফর আলম। পরে বিচারক জামিন নামঞ্জুর করায় তাঁকে পুলিশ প্রহরায় কারাগারে পাঠানো হয়। এ সময় সাংবাদিকেরা মামলা সম্পর্কে জানতে চাইলে তিনি কোনো কথা বলেননি।
আদালত ও দুদক সূত্র জানায়, কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ীতে ১ হাজার ৪১৪ একর জমিতে প্রায় ৩৬ হাজার কোটি টাকা ব্যয়ে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছে। এ প্রকল্পের আওতায় অধিগ্রহণ করা চিংড়িঘের, ঘরবাড়িসহ অবকাঠামোর বিপরীতে ক্ষতিপূরণ নির্ধারণ করা হয় ২৩৭ কোটি টাকা। এর মধ্যে ২৫টি অস্তিত্বহীন চিংড়িঘের দেখিয়ে ক্ষতিপূরণ নির্ধারণ করা হয় ৪৬ কোটি ৩ হাজার ৩২০ টাকা। সেখান থেকে নানা কৌশলে ১৯ কোটি ৮২ লাখ ৮ হাজার ৩১৫ টাকা তুলে আত্মসাৎ করা হয়।
এ ঘটনায় ২০১৪ সালের ২০ নভেম্বর মাতারবাড়ীর ব্যবসায়ী একেএম কায়সারুল ইসলাম চৌধুরী বাদী হয়ে সাবেক জেলা প্রশাসক মো. রুহুল আমিন, সাবেক এডিসি (রাজস্ব) জাফর আলমসহ ২৮ জনের বিরুদ্ধে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে একটি মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য দুদককে নির্দেশ দেন। দুদক তদন্ত শেষে ৩৬ জনের জড়িত থাকার প্রমাণ পায়। গত ৩ এপ্রিল তাঁদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. সিরাজ উল্লাহ বলেন, গত ৯ মে গ্রেপ্তারের পর এক মাসের মাথায় হাইকোর্ট থেকে জামিনে বের হন এডিসি জাফর আলম। এ ব্যাপারে দুদকের পক্ষ থেকে উচ্চ আদালতে আপিল করা হলে ১০ জুলাই তিনিসহ সাবেক ডিসি রুহুল আমিনের জামিন বাতিল করে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে গতকাল জাফর আলম কক্সবাজার মুখ্য বিচারিক হাকিম আদালতে আত্মসমর্পণ করেন।