কক্সবাজারের সাবেক ডিসি এডিসির জামিন বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে ভুয়া কাগজপত্র দাখিল করে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলায় কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক (ডিসি) রুহুল আমিন ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাফর আলমের জামিন বাতিল করেছেন সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ গতকাল সোমবার এই আদেশ দেন। এই দুজনের জামিন মঞ্জুর করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা লিভ টু আপিল নিষ্পত্তি করে এই আদেশ দেওয়া হয়।

আদালতে রুহুল আমিন ও জাফর আলমের পক্ষে শুনানি করেন আইনজীবী শ ম রেজাউল করিম। দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। পরে খুরশীদ আলম খান প্রথম আলোকে বলেন, আপিল বিভাগ দুজনের জামিন বাতিল করেছেন। এখন রুহুল আমিন ও জাফর আলমকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে হবে।

আইনজীবী সূত্র বলেছে, মহেশখালীর মাতারবাড়ী কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ প্রকল্পের প্রায় ২০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় রুহুল আমিন ও জাফর আলম হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছিলেন। এই আদেশের বিরুদ্ধে দুদক লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করে, যা চেম্বার বিচারপতির আদালত হয়ে গতকাল নিয়মিত বেঞ্চে ওঠে।

দুদক সূত্র বলেছে, মাতারবাড়ীতে তাপবিদ্যুৎ প্রকল্পের আওতায় অধিগ্রহণ করা চিংড়িঘের, ঘরবাড়িসহ অবকাঠামোর বিপরীতে ক্ষতিপূরণ নির্ধারণ করা হয় ২৩৭ কোটি টাকা। এর মধ্যে ১৯ কোটি ৮২ লাখ ৮ হাজার ৩১৫ টাকা তুলে আত্মসাৎ করা হয়।