কক্সবাজারের সাবেক মেয়র সরওয়ারের তিন মামলা চলবে
কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র সরওয়ার কামালের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য, সন্ত্রাসবিরোধী আইন ও দণ্ডবিধিতে করা তিনটি মামলা বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় বাতিল ঘোষণা করেছেন আপিল বিভাগ।
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) নিষ্পত্তি করে গতকাল মঙ্গলবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. বশির আহমেদ। সরওয়ার কামালের পক্ষে ছিলেন আইনজীবী ইদ্রিসুর রহমান।
সহকারী অ্যাটর্নি জেনারেল মো. বশির আহমেদ বলেন, হাইকোর্ট ওই তিনটি মামলা বাতিল ঘোষণা করেছিলেন, আপিল বিভাগ হাইকোর্টের রায় বাতিল ঘোষণা করেছেন। ফলে মামলা তিনটির কার্যক্রম চলবে। আইনজীবী ইদ্রিসুর রহমান বলেন, সরওয়ার কামাল জামিনে আছেন।
২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি কক্সবাজার শহরে তাণ্ডব চালান জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। এতে তিনজন নিহত এবং আহত হন অর্ধশত। ওই ঘটনায় কক্সবাজার মডেল থানায় পুলিশ তিনটি মামলা করে।