কক্সবাজারের সাবেক মেয়রের বিরুদ্ধে তিন মামলা চলবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র সরওয়ার কামালের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য, সন্ত্রাসবিরোধী আইন ও দণ্ডবিধিতে করা তিনটি মামলা বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় বাতিল ঘোষণা করেছেন আপিল বিভাগ।

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) নিষ্পত্তি করে আজ মঙ্গলবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. বশির আহমেদ। সরওয়ার কামালের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী ইদ্রিসুর রহমান।

সহকারী অ্যাটর্নি জেনারেল মো. বশির আহমেদ প্রথম আলোকে বলেন, হাইকোর্ট ওই তিনটি মামলা বাতিল ঘোষণা করেছিলেন, আপিল বিভাগ হাইকোর্টের রায় বাতিল ঘোষণা করেছেন। ফলে মামলা তিনটির কার্যক্রম চলবে। আইনজীবী ইদ্রিসুর রহমান প্রথম আলোকে জানান, ওই তিন মামলায়সরওয়ার কামাল জামিনে আছেন।

মানবতাবিরোধী অপরাধের বিচার চলাকালে ২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি কক্সবাজার শহরে তাণ্ডব চালান জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। ওই তাণ্ডবে তিনজন নিহত হন, আহত হন অর্ধশত। ওই ঘটনায় দণ্ডবিধি, বিস্ফোরক ও সন্ত্রাস দমন আইনে কক্সবাজার মডেল থানায় উপপরিদর্শক মো. নুরুজ্জামান পৃথক তিনটি মামলা করেন। ২০১৪ সালের ১৪ নভেম্বর সরোয়ার কামালসহ ২ শতাধিক লোকের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।

ওই তিন মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন সরওয়ার কামাল। এসব আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট রুল দেন। আর রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে গত ১১ এপ্রিল হাইকোর্ট এক রায়ে তিন মামলা বাতিল ঘোষণা করেন। এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল করেন। এসব আবেদন নিষ্পত্তি করে হাইকোর্টের রায় বাতিল ঘোষণা করে আজ আদেশ দেন আদালত।