কক্সবাজারের সুনাম রক্ষায় ইয়াবা ও মাদক পাচার বন্ধের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়াবা, মানব পাচারসহ কক্সবাজারের অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে জনপ্রতিনিধিসহ সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা চেয়েছেন জেলা পুলিশ সুপার। তিনি বলেন, এলাকার সুনাম রক্ষায় মাদক ও মানব পাচার বন্ধ করতে হবে। দালালদের প্রলোভনে পড়ে অনেকে সাগরে মারা যাচ্ছে। তাদের সেই অপকর্মের দায় নিতে হচ্ছে জেলার সব মানুষকে।
গতকাল শনিবার বিকেলে কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং নয়াপাড়া বাজারে মাদক ও মানব পাচারবিরোধী সচেতনতামূলক সমাবেশে পুলিশ সুপার শ্যামল কুমার নাথ এসব কথা বলেন। অনুষ্ঠানে স্থানীয় লোকজন দেশের স্বার্থে মিয়ানমারের রোহিঙ্গাদের আশ্রয়-প্রশ্রয় না দেওয়া, মাদক ও মানব পাচার প্রতিরোধের অঙ্গীকার করেন। যারা রোহিঙ্গা, মাদক ও মানব পাচারকারীদের আশ্রয়-প্রশ্রয় দেয়, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান স্থানীয়রা।
সহকারী পুলিশ সুপার (উখিয়া-টেকনাফ সার্কেল) জসিম উদ্দিন মজুমদার বলেন, অনৈতিক লাভের আশায় কেউ কেউ রোহিঙ্গা নাগরিকদের অনুপ্রবেশ, মাদক ও মানব পাচারে সহযোগিতা করছেন। স্থানীয় মানুষের মনোভাবে পরিবর্তন না এলে এসব বন্ধ করা যাবে না।
সমাবেশে বক্তব্য দেন টেকনাফ মডেল থানার ওসি আতাউর রহমান খন্দকার, পরিদর্শক (তদন্ত) কবির হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. জাহেদ হোসেন, সাবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান মো. ইসমাঈল, ইউপি সদস্য সব্বির আহমদ, ইউপি সদস্য নুরুল আমিন ও আওয়ামী লীগ নেতা আবুল কালাম প্রমুখ।